
গোবিন্দগঞ্জে পুনাকের উদ্যোগে এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ।
: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র, উন্নত মানের খাবার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রবিবার (১১ জানুয়ারি) এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।
বিকালে উপজেলার কামদিয়া ইউনিয়নের কাঁচের চড়া নূরানী হাফেজী ক্বওমী মাদরাসা ও এতিমখানা চত্বরে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গাইবান্ধা জেলা পুনাক-এর সভাপতি ইশরাত জাহান বীথি-র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) জসিম উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, “তীব্র শীতে অসহায় শিশুদের কষ্ট লাঘবে পুনাক সব সময়ই কাজ করে যাচ্ছে। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস এতিম শিশুদের মুখে হাসি ফোটাবে এবং তাদের পড়াশোনায় উৎসাহ যোগাবে। জেলা পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষের জন্য এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
- কাজরিমা আক্তার, সাধারণ সম্পাদিকা, জেলা পুনাক।
- শরীফ আল রাজীব, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)।
- হিফজুর আলম মুন্সি, ইনচার্জ (পুলিশ পরিদর্শক), জেলা অপরাধ শাখা।
- মুহাম্মদ মোজাম্মেল হক, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), গোবিন্দগঞ্জ থানা।
এছাড়াও গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পবিত্র কুমার, বৈরাগীর হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ লাইছুর রহমান, সেকেন্ড অফিসার (এসআই) সেলিম রেজাসহ জেলা পুলিশ ও পুনাকের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
শীতের তীব্রতার মধ্যে নতুন কম্বল, খাদ্য সামগ্রী ও নগদ সহযোগিতা পেয়ে মাদরাসার এতিম শিশুরা উচ্ছ্বাস প্রকাশ করেন। উপকারভোগীরা এমন উদ্যোগের জন্য পুনাক ও জেলা পুলিশের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
গাইবান্ধা প্রতিনিধি 
















