
নিজস্ব প্রতিবেদক, গোবিন্দগঞ্জ গাইবান্ধার গোবিন্দগঞ্জে সুফিয়া ইসলাম সুপ্তা নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত স্বামী শামিম মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শামিম উপজেলার দরবস্ত ইউনিয়নের অভিরামপুর গ্রামের আব্দুল কুদ্দুস সবুরের ছেলে।
গত মঙ্গলবার সকালে পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় নিহতের বাবা শফিকুল ইসলাম আকন্দ বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় স্বামী শামিম, শ্বশুর আব্দুল কুদ্দুস এবং ননদকে আসামি করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানা পুলিশ জানায়, প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। মামলার অন্য আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে।