
গোবিন্দগঞ্জে চালককে মারধরের অভিযোগ: সড়ক অবরোধে যানজট
নিজস্ব প্রতিবেদক, গোবিন্দগঞ্জ | ৫ মার্চ, ২০২৬
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ওরিন পরিবহনের এক বাস চালককে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা।
আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের জাহানারা মার্কেটের সামনে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওরিন পরিবহনের এক চালককে মারধর করার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ হয়ে ওঠেন সাধারণ পরিবহন শ্রমিকরা। এর প্রতিবাদে তারা তাৎক্ষণিকভাবে জাহানারা মার্কেটের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে বাস ও অন্যান্য যানবাহন আড়াআড়িভাবে দাঁড় করিয়ে অবরোধ সৃষ্টি করেন।
ভোগান্তিতে সাধারণ যাত্রী
অবরোধের ফলে ওই রুটে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তার উভয় পাশে শত শত যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়, ফলে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পণ্যবাহী ট্রাকের চালকরা। বিক্ষুব্ধ শ্রমিকরা এ সময় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
আইনশৃ্ঙ্খলা রক্ষাকারী বাহিনী
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গোবিন্দগঞ্জ থানা পুলিশ এবং হাইওয়ে থানার সদস্যরা।
তারা উত্তেজিত শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত: আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্বাসে পরিস্থিতি কিছুটা শিথিল হলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ অভিযুক্তদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গেছে।
গাইবান্ধা প্রতিনিধি 








