গোবিন্দগঞ্জের চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি মাদারীপুর থেকে গ্রেফতার
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বহুল আলোচিত একটি হত্যা মামলার প্রধান আসামি র্যাবের অভিযানে অবশেষে গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) বিকেলে মাদারীপুর জেলার সদর থানার কানাগাছিরা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামি শ্রী সপ্তম চন্দ্র বর্মন (২০)। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোড়াগাছা (হিন্দুপাড়া) এলাকার বাসিন্দা।
র্যাব সূত্রে জানা যায়, ঘটনার বাদী শ্রী সাধন বর্মনের পরিবারের সঙ্গে আসামির পরিবারের দীর্ঘদিন ধরে জমিজমা ও পারিবারিক বিরোধ চলে আসছিল। এর জেরে ২০২৫ সালের ২৪ অক্টোবর সকালে পূর্বপরিকল্পিতভাবে আসামি ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে বাদীর বাড়িতে প্রবেশ করে বাদল চন্দ্র বর্মন (৪৩)-এর ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গাইবান্ধা আধুনিক হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় একইদিন বিকেলে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-৩৫, তারিখ: ২৭ অক্টোবর ২০২৫)। মামলাটি দণ্ডবিধির একাধিক ধারায় দায়ের করা হয়।
চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর থেকেই আসামিদের গ্রেফতারে মাঠে নামে র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ (রংপুর) ও র্যাব-৮ (মাদারীপুর) এর যৌথ অভিযানে প্রধান আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়।
র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি হত্যা, অপহরণ, ধর্ষণসহ সব ধরনের গুরুতর অপরাধ দমনে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।