অনির্দিষ্টকালের কলম বিরতিতে গাইবান্ধার দলিল লেখকরা
গাইবান্ধা সদর সাব-রেজিস্ট্রি অফিসে চাঁদাবাজি, হুমকি ও মব সন্ত্রাসের অভিযোগে অনির্দিষ্টকালের জন্য কলম বিরতির ঘোষণা দিয়েছেন দলিল লেখকরা। এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সদর সাব-রেজিস্ট্রি অফিস দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মল্লিক।
অভিযোগ সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে দলিল লেখকদের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল। গত ৯ মে সন্ধ্যায় গাইবান্ধা পুরাতন জেলখানা মোড়ে সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মল্লিকের পথরোধ করে প্রতি দলিলের বিপরীতে টাকা দাবি করা হয়। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, পরদিন ১০ মে দুপুরে গাইবান্ধা সদর সাব-রেজিস্ট্রি অফিসের মূল ফটকের সামনে মানববন্ধনের নামে অবস্থান নেয় অভিযুক্তরা। এসময় তারা জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করে এবং দলিল লেখকদের বিরুদ্ধে কটূক্তি ও গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে অফিসের গেটে লাথি মারা, ভয়ভীতি প্রদর্শন, হত্যার হুমকি এবং মোস্তাফিজুর রহমান মল্লিককে টানাহেঁচড়া করে লাঞ্ছিত করা হয় বলেও অভিযোগ ওঠে।
ঘটনার সময় উপস্থিত অন্যান্য দলিল লেখক ও স্থানীয় সংবাদকর্মীদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে খবর পেয়ে গাইবান্ধা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা সেখান থেকে সরে যায়।
এ ঘটনার প্রতিবাদে এবং নিরাপত্তা নিশ্চিতের দাবিতে গাইবান্ধা সদর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখকরা অনির্দিষ্টকালের জন্য কলম বিরতির ঘোষণা দেন। ফলে দলিল সংক্রান্ত সেবা কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে এবং সাধারণ সেবাগ্রহীতারা চরম ভোগান্তিতে পড়েছেন।
দলিল লেখক সমিতির নেতারা জানান, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত তাদের কর্মবিরতি অব্যাহত থাকবে।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।