
গাইবান্ধায় ঋণের চাপে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ব্যবসায়ীর মৃত্যু, চিরকুটে ৬ জনের নাম
গাইবান্ধায় চড়া সুদের ঋণ ও বাড়ি দখলের হুমকির অভিযোগে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আবু বক্কর সিদ্দিক বিপুল (৫০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা শহরের থানাপাড়া এলাকায় সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
পরিবারের অভিযোগ, স্থানীয় দাদন ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ৪০ লাখ টাকা ঋণ নিয়েছিলেন বিপুল। মৃত্যুর আগে পকেটে রেখে যাওয়া একটি চিরকুটে ছয়জনের নাম উল্লেখ করে তাদের দায়ী করেছেন তিনি।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় চিরকুটে উল্লেখিত ব্যক্তিদের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ