
গাইবান্ধায় ১৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নে অভিযান চালিয়ে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ফরিদ মিয়া (৩৬) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক তরুণ কুমার রায়ের নেতৃত্বে একটি চৌকস দল গাইবান্ধা সদর থানাধীন খোলাহাটি ইউনিয়নের খোলাহাটি (দুলালীর ভিটা) গ্রামের আসামির নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় তার বাড়ির পাকা দেয়াল ও টিনের চৌচালাযুক্ত দুই কক্ষবিশিষ্ট ঘরের দক্ষিণ পাশের শয়নকক্ষের স্টিলের আলমারিতে রাখা কাপড়ের ভেতর থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামতের বিবরণ অনুযায়ী
তিনটি সাদা রঙের জিপারযুক্ত পলিব্যাগের প্রতিটিতে ৫০ পিস করে মোট ১৫০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট এবং অন্য একটি জিপারযুক্ত পলিব্যাগে ৪০ পিস লাল রঙের ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। সর্বমোট ১৯০ পিস ইয়াবা ট্যাবলেটের ওজন ১৯ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৭,০০০ (সাতান্ন হাজার) টাকা।
গ্রেফতারকৃত মো. ফরিদ মিয়া গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খোলাহাটি দুলালীর ভিটা গ্রামের মৃত আনছার আলী ও মোছা. ধলী বেগম দম্পতির ছেলে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
নিজস্ব প্রতিবেদ 














