
সুন্দরগঞ্জে মা-ছেলে হত্যা এসআরবি ১৩ অভিযানে প্রধান আসামি গ্রেপ্তার
গাইবান্ধার সুন্দরগঞ্জে চাঞ্চল্যকর মা ও পাঁচ বছরের শিশু ছেলেকে জবাই করে হত্যার ঘটনায় মামলার অন্যতম প্রধান আসামি মো. আনন্দ বাবু বাদল (২৪)-কে গ্রেপ্তার করেছে র্যাব-১৩।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ২টা ১০ মিনিটের দিকে পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি ১৩, সিপিসি-৩ গাইবান্ধার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাঃ রেজাউল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এসআরবি জানায়, গত ১৭ নভেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের দুলাল গ্রামের নিজ বাড়িতে আছমা আক্তার (৩৫) ও তাঁর পাঁচ বছর বয়সী ছেলে আয়ানকে জবাই করে হত্যা করা হয়। এ ঘটনায় ১৮ নভেম্বর রাতে নিহতের বাবা আতায়ার রহমান বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পর এসআরবি ১৩ ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। পরে সিপিসি-৩ গাইবান্ধা ও সিপিসি-২ নীলফামারীর যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি আনন্দ বাবু বাদলকে গ্রেপ্তার করে।
এসআরবি আরও জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।
নিজস্ব প্রতিবেদ 















