
সাদুল্লাপুরে ২৬ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে স্থবিরতা, সময় পেরোলেও শুরু হয়নি কাজ
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নে ২৬ লাখ ৫৯ হাজার ৪০০ টাকার উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময় পেরিয়ে গেলেও শুরু হয়নি। ২০২৫-২৬ অর্থবছরের উন্নয়ন সহায়তা খাতের বিশেষ বরাদ্দের আওতায় নেওয়া ৯টি প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে সড়ক উন্নয়ন না হওয়ায় প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে তাঁদের। এদিকে প্রকল্পের কাজ শুরু না হওয়ায় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে চিঠি দিয়েছে উপজেলা প্রশাসন।
প্রকল্প-সংক্রান্ত নথি অনুযায়ী, জামালপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে রাস্তা নির্মাণ, কালভার্ট নির্মাণ ও সংস্কারসহ মোট ৯টি উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়। এসব প্রকল্প বাস্তবায়নে বরাদ্দ দেওয়া হয় ২৬ লাখ ৫৯ হাজার ৪০০ টাকা। নথিতে কাজ শুরুর তারিখ ১৪ জুন ২০২৬ এবং শেষ করার সময়সীমা ৩০ জুন ২০২৬ নির্ধারণ করা হয়েছিল। তবে নির্ধারিত সময় পার হলেও প্রকল্পগুলোর কাজ মাঠপর্যায়ে শুরু হয়নি বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়ক ও অবকাঠামোর উন্নয়নের আশায় রয়েছেন তাঁরা। বিশেষ করে বেহাল সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে শিক্ষার্থী, কৃষক, কর্মজীবী মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে। বর্ষা মৌসুমে এ দুর্ভোগ আরও বেড়ে যায়। সরকারি বরাদ্দ থাকা সত্ত্বেও উন্নয়নকাজ শুরু না হওয়ায় তাঁদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দা বিদেশী আশরাফ, খোকা মিয়া ও আলমগীর জানান, দীর্ঘদিন ধরে সড়কের বেহাল অবস্থার কারণে তাঁরা চরম দুর্ভোগে রয়েছেন। বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে একাধিকবার জানানো হলেও কোনো সুফল মেলেনি। সরকারি বরাদ্দ থাকার পরও কেন কাজ হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলে দ্রুত প্রকল্প বাস্তবায়নের দাবি জানান তাঁরা।
এ বিষয়ে জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাউছার মণ্ডল ইটের দাম বৃদ্ধি ও বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে প্রকল্পের কাজ শুরু না হওয়ার ব্যাখ্যা দিয়েছেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে কেন কাজ শুরু করা সম্ভব হয়নি, তা নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ রয়েছে।
সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওজাতুল জান্নাত জানান, প্রকল্পগুলোর কাজ শুরু না হওয়ায় ইতোমধ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে চিঠি দেওয়া হয়েছে।
স্থানীয়দের দাবি, শুধু চিঠি দিয়েই যেন প্রশাসনের দায়িত্ব শেষ না হয়। প্রকল্পগুলোর বর্তমান অবস্থা, অর্থ ছাড়, কার্যাদেশ, বাস্তবায়ন কমিটি গঠন এবং বরাদ্দের অর্থ ব্যয়ের বিষয়গুলো যথাযথভাবে যাচাই করতে হবে। বরাদ্দের অর্থ উত্তোলন করা হয়ে থাকলে তা কোন খাতে ব্যয় হয়েছে, আর অর্থ ছাড় না হয়ে থাকলে তার কারণ কী সেটিও খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তাঁরা
নিজস্ব প্রতিবেদ 
















