গাইবান্ধার বল্লমঝাড়ে শিশু কুলসুম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

গাইবান্ধার বল্লমঝাড়ে শিশু কুলসুম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় এলাকায় চাঞ্চল্যকর শিশু কুলসুম হত্যা মামলার প্রধান আসামি মোঃ ইব্রাহিম হাসান লিমন শেখ (২১) কে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাইবান্ধা সদর থানার খামার বল্লমঝাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
র‌্যাব-১৩ সূত্রে জানা যায়, নিহত কুলসুম সর্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। তার মা মোছা. রেজিনা বেগম মানুষের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন। নিহত কুলসুমের পরিবারের বাড়ির পাশেই অভিযুক্ত লিমনের বাড়ি। তিনি প্রায়ই কুলসুমকে উত্যক্ত ও কুপ্রস্তাব দিতেন বলে অভিযোগ রয়েছে।
গত ২৪ নভেম্বর ২০২৫ তারিখে প্রতিবেশীরা কুলসুমকে ঘরের ভেতর বাঁশের ধরনার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখে উদ্ধার করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠায়। এ ঘটনায় প্রথমে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়।
তবে ময়নাতদন্তের প্রতিবেদনে কুলসুমকে শ্বাসরোধ করে হত্যার বিষয়টি উঠে আসে। পরে ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছিল বলে জানা যায়। এরপর নিহতের মা বাদী হয়ে গত ১৩ মে ২০২৬ তারিখে গাইবান্ধা সদর থানায় পেনাল কোডের ৩০২/৩৪ ধারায় হত্যা মামলা দায়ের করেন।
র‌্যাব জানায়, ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে আসামিদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামিকে মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করা সম্ভব হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১৩।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *