হামে আক্রান্তদের সুচিকিৎসা ও নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে নারীমুক্তি কেন্দ্রের বিক্ষোভ সমাবেশ

হামে আক্রান্তদের সুচিকিৎসা ও নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে নারীমুক্তি কেন্দ্রের বিক্ষোভ সমাবেশ
স্টাফ রিপোর্টার:
হামে আক্রান্ত শিশুদের সুচিকিৎসা নিশ্চিতকরণ এবং সারাদেশে অব্যাহত নারী-শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র।
রবিবার (১৭ মে ২০২৬) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, দেশে হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একইসঙ্গে মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নারী ও শিশু নির্যাতন, বলৎকার, সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তারা।
বক্তারা এসব ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে।
বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কমরেড সীমা দত্ত। এছাড়া বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি আসমা আক্তার এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক সুস্মিতা রায় সুপ্তি।
সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবিসংবলিত স্লোগান দেন এবং নারী-শিশু নির্যাতন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *