Category: আন্তর্জাতিক

  • গাজায় তীব্র শীতে নবজাতকের মৃত্যু

    গাজায় তীব্র শীতে নবজাতকের মৃত্যু

    গাজায় তীব্র শীতে আরও এক নবজাতকের মৃত্যু হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) মধ্য গাজার আল-আকসা শহীদ হাসপাতালের আইসিইউতে মৃত্যু হয় তার। এক মাস বয়সী ওই শিশু হাইপোথার্মিয়ায় মারা গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ নিয়ে গত এক সপ্তাহে সেখানে অন্তত ৬ শিশুর মৃত্যু হলো। ওই শিশুর যমজ ভাইও হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

    চিকিৎসকদের মতে, গত কয়েকদিনে গাজায় শীত ও ঠান্ডায় শিশু মৃত্যু হার বেড়েছে।গত প্রায় ১৫ মাস ধরে গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েল। এসব হামলায় প্রতিদিনই মারা যাচ্ছে ফিলিস্তিনিরা। তারওপর সেখানে জেঁকে বসেছে তীব্র শীত। হামলার পাশাপাশি শীতেও মারা পড়ছে অসহায় ফিলিস্তিনিরা।

    মৃত শিশুর বাবা ইয়াহিয়া আল-বাত্রান রয়টার্সকে জানান, গাজা উপত্যকার কেন্দ্রীয় অঞ্চলে একটি অস্থায়ী তাবুতে থাকতেন তারা। তাদের যমজ সন্তান জুমা ও আলি। গত কয়েকদিনের তীব্র শীত ও ভারী বৃষ্টিতে তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।

    তিনি বলেন, ‘গত রবিবার স্ত্রী নুরা জুমাকে জাগানোর চেষ্টা করছিলেন, কিন্তু সে উঠছিল না। আমি জুমাকে তুলে দেখি, সে সাদা হয়ে গেছে এবং বরফের মতো ঠান্ডা, জমে গেছে। আমি আলির কথা জিজ্ঞাসা করলাম, তখন তিনি বললেন সেও উঠছে না। তখনই হাসপাতালে নেওয়া হয় তাদের।’

    জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজায় মানবিক পরিস্থিতি আরও বিপর্যস্ত অবস্থায় পৌঁছে গেছে। সেখানে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান ও বোমা হামলায় ৯০ শতাংশ মানুষকে অন্তত একবার বাস্তুচ্যুত হতে হয়েছে। কিছু মানুষ বহুবার বাস্তুচ্যুত হয়েছে। গাজায় দ্বিতীয় শীতের যুদ্ধে বারবার বাস্তুচ্যুত এসব মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে।

    ইসরায়েলি কর্তৃপক্ষ বলেছে, তারা গাজায় খাদ্য, পানি, চিকিৎসা সরঞ্জাম এবং আশ্রয়ের জিনিসপত্র বহনকারী হাজার হাজার ত্রাণ ট্রাক ঢুকতে দিয়েছে। তবে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো বলেছে, ইসরায়েলি বাহিনী ত্রাণ সরবরাহে বাধা দিচ্ছে, যার ফলে মানবিক সংকট আরও তীব্র হচ্ছে।

    উত্তরের শহর বেইত লাহিয়ার বাসিন্দা ইয়াহিয়া আল-বাত্রানের পরিবার যুদ্ধের শুরুতেই তাদের বাড়ি ছেড়ে আল-মাঘাজি নামে একটি উন্মুক্ত বালিয়াড়ি এবং ঝোপঝাড়ে ঢাকা এলাকায় চলে আসে। ইসরায়েলি কর্তৃপক্ষ এই এলাকাকে মানবিক এলাকা হিসেবে নির্ধারণ করেছিল।

    পরে আল-মাঘাজিতেও হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। তখন তারা কাছের দেইর আ ল-বালাহ শহরের আরেকটি  শরণার্থী শিবিরে চলে আসে।

    এই এলাকার চারপাশে বহু তাবু। কয়েক মাসের ব্যবহারে এরই মধ্যে সেগুলো ছিড়ে গেছে। অথবা প্রবল বাতাস ও বৃষ্টিতে উড়ে গেছে বা প্লাবিত হয়েছে। পরিবারগুলো ছেঁড়া প্লাস্টিকের শিট জোড়া লাগিয়ে এবং পানি ঠেকাতে বালু স্তূপ করে সেগুলো মেরামতের চেষ্টা চালাচ্ছে।

    গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলি বাহিনী হামাস যোদ্ধা ও বেসামরিক লোকজনের মধ্যে কোনও বাছবিচার করে না। গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় ৪৫ হাজার ৫৪১ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে অন্তত ১৭ হাজার ৪৯২ শিশু। আহতের সংখ্যা ১ লাখ ৮ হাজার ৩৩৮ জনে পৌঁছেছে।

    এই মাসের শুরুতে, মিশর, কাতার এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি আলোচনায় ইসরায়েলি এবং হামাস নেতারা আশা প্রকাশ করেছিলেন, এটি লড়াই বন্ধ করবে। তবে বছর শেষের আগে কোনও চুক্তি হওয়ার আশা ম্লান হয়ে গেছে।

  • হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড নোটিশ জারি

    হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড নোটিশ জারি

    জুলাই-আগস্ট গণহত্যা মামলার প্রধান পলাতক আসামি সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারি করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

    রোববার (২২ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, ইন্টারপোলে রেড নোটিশ জারির মাধ্যমে হাসিনাসহ পলাতক আসামিদের ফেরত আনতে চায় সরকার।এর  আগে গত ১০ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী হাসিনা ও পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। পরে ১২ নভেম্বর ট্রাইব্যুনালের প্রসিকিউশন সংস্থা থেকে এ তথ্য জানানো হয়।

    গত ১৭ অক্টোবর জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় পৃথক মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অন্যান্য যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় তারা হলেন, শেখ হাসিনা বোন শেখ রেহানা, শেখ হাসিনার মন্ত্রিপরিষদের সদস্য মোহাম্মদ এ আরাফাত, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, দীপু মনি, আ ক ম মোজাম্মেল হক, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক মন্ত্রী জুনাইদ আহমেদ পলক, শেখ সেলিম, ব্যারিস্টার ফজলে নূর তাপস, শেখ ফজলে শামস পরশ, সাবেক আইজিপি আবদুল্লাহ মামুন, ডিবি হারুন, পুলিশের সাবেক কর্মকর্তা বিপ্লব কুমার সরকার, প্রলয় কুমার জোয়ার্দার, সাবেকডিএমপি হাবিবুর রহমান, সাবেক র‌্যাব ডিজি হারুন অর রশিদ, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, হাসিনার সাবেক উপদেষ্টা তারেক আনাম সিদ্দিকী,বিচারপতি মানিক, ড. জাফর ইকবাল, সাবেক পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলামসহ ৪৬ জন।

    এদিকে দৈনিক ইনকিলাবের পক্ষ থেকে বাংলাদেশ পুলিশ সদর দফতরে যোগাযোগ করা হলে তারা জানান, শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট নোটিশ জারি করতে ইন্টারপোলকে চিঠি দেওয়া হয়েছে।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। অপর দুই জন হলেন, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী। এর আগে পৃথক মামলায় ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।

  • সর্বকালের সর্বনিম্নে নেমেছে ভারতীয় রুপির মূল্য

    সর্বকালের সর্বনিম্নে নেমেছে ভারতীয় রুপির মূল্য

    মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার মূল্য কমে সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। ফেডারেল রিজার্ভ আগামী বছর সুদের হার কিছুটা কমানোর ইঙ্গিত দেওয়ার পর বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এমন চিত্র দেখা যায়।এদিন মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার মূল্য কমে দাঁড়ায় ৮৫.০৬৫০ রুপি। আগের দিন অর্থাৎ বুধবার যা কমে দাঁড়িয়েছিল ৮৪.৯৫২৫ রুপি।

    প্রকাশিত তথ্যে দেখা গেছে, রুপির মূল্য ৮৪ থেকে ৮৫ হতে দুই মাস সময় লেগেছে। ৮৩ থেকে কমে ৮৪ হতে সময় লাগে ১৪ মাস। আর ৮২ থেকে ৮৩ রুপিতে নামতে সময় লেগেছিল ১০ মাস।

    এশিয়ার অন্যান্য দেশের মুদ্রা যেমন কোরিয়ান ওন, মালয়েশিয়ার রিঙ্গিট ও ইন্দোনেশিয়ার রুপিয়ার মূল্য শূন্য দশমিক ৮ থেকে ১ দশমকি ২ শতাংশ পর্যন্ত কমেছে।

    অন্যদিকে ভারতের জিডিপি প্রবৃদ্ধি জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কমে ৫ দশমিক ৪ শতাংশ হয়েছে, যা প্রায় দুই বছরের মধ্যে সর্বনিম্ন। আগের বছর একই সময়ে দেশটির প্রবৃদ্ধি ছিল ৮ দশমিক ১ শতাংশ। মূলত উৎপাদনখাতের ধীর গতির কারণেই প্রবৃদ্ধি কমেছে।

    তবে ভারত এখনো দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ। কারণ চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে চীনের প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমকি ৬ শতাংশ। সূত্র: রয়টার্স

  • পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

    পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

    পাকিস্তানের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সাথে জড়িত চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। দেশটি বুধবার জানিয়েছে, এসব প্রতিষ্ঠান ক্ষেপণাস্ত্র বিস্তার বা সরবরাহে অবদান রাখছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানায়, ‘যুক্তরাষ্ট্র বিস্তার এবং ক্রয়ের সাথে সংশ্লিষ্টদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে।’ বিবৃতিতে আরো বলা হয়, ‘পাকিস্তানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উন্নয়নের হুমকি অব্যাহত থাকার প্রেক্ষাপটে’ এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।যে চারটি প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সেগুলো হচ্ছে পাকিস্তানের ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্স, অ্যাফিলিয়েটস ইন্টারন্যাশনাল, আখতার অ্যান্ড সন্স প্রাইভেট লিমিটেড, রকসাইট এন্টারপ্রাইজ।

    উল্লেখ্য, ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্স পাকিস্তানের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির দায়িত্বে রয়েছে। তারা পাকিস্তানের দূরপাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করে। অন্য তিনটি প্রতিষ্ঠান সরঞ্জাম সরবরাহ করে থাকে।

    গত সেপ্টেম্বরে ওয়াশিংটন পাঁচটি প্রতিষ্ঠান এবং এক ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তাদের বিরুদ্ধেও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র সম্প্রসারণের অভিযোগ আনা হয়েছিল।

    মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথু মিলার অভিযোগ করেছেন, পাকিস্তানের শাহিন-৩ এবং আবাবিল ক্ষেপণাস্ত্রের জন্য বেইজিং রিসার্চ ইনস্টিটিউট অফ অটোমেশন ফর মেশিন বিল্ডিং ইন্ডাস্ট্রি পাকিস্তানের জন্য টেস্টিং রকেট মোটর কেনার জন্য কাজ করে থাকে।

    এদিকে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর মার্কিন ‘একতরফা’ নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। তারা একে অন্যায় হিসেবে অভিহিত করেছে। সূত্র : দি নিউজ ইন্টারন্যাশনাল