
গাইবান্ধায় সন্ত্রাসী হামলার অভিযোগ নিরাপত্তাহীনতায় পরিবার: থানায় অভিযোগ ও সংবাদ সম্মেলন
গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের কুমারপাড়া এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন রুজিনা বেগম ও ভুক্তভোগী পরিবার।
আজ রবিবার বিকেলে জেলা শহরের সমবায় মার্কেটের দ্বিতীয় তলায় এই সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগির পরিবার।
লিখিত বক্তব্যে জানান, গত ১৯ এপ্রিল ২০২৬ সকাল আনুমানিক ৮টার দিকে তার ফুফু শাশুড়ী মোছাঃ আনোয়ারা বেগম কুমারপাড়া জামে মসজিদের সামনে গেলে পূর্ব শত্রুতার জেরে একদল লোক তার পথরোধ করে। এ সময় তারা লাঠি, লোহার রড ও ধারালো অস্ত্রসহ দেশীয় অস্ত্র নিয়ে গালিগালাজ করতে থাকে। প্রতিবাদ করলে সংঘবদ্ধভাবে হামলা চালানো হয়। হামলাকারীদের মধ্যে শাহজাহান মিয়া, সৌরভ মিয়া, জসিম মিয়া, বক্তার মিয়া, রাজন মিয়া, নুরুজ্জামান মিয়া, শরিফ মিয়া ও শাপলা বেগমসহ অজ্ঞাত আরও কয়েকজন ছিলেন। তারা তার স্বামী আরিফ মিয়া, দেবর রিজু মিয়া ও শাশুড়ী রানী বেগমসহ পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়ে গুরুতর জখম করে।
লিখিত বক্তব্যে আরো জানান, হামলার সময় তার স্বামী আরিফ মিয়ার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হলে তিনি হাত দিয়ে প্রতিরোধ করতে গিয়ে গুরুতর আহত হন। দেবর রিজু মিয়ার হাতের আঙুল কেটে যায়। এছাড়া তার শাশুড়ীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগও করা হয়।পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, আসামিরা জামিনে মুক্ত হয়ে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে এবং এলাকায় অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে। তবে এখনো পুলিশ অস্ত্র উদ্ধার করতে পারেনি বলে দাবি করেন তিনি।
এ অবস্থায় তিনি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
নিয়াম শেখ গাইবান্ধা প্রতিনিধি 








