
গাইবান্ধায় জমি নিয়ে বিরোধের জেরে বাড়িতে হামলা, নারীসহ আহত ৪; টাকা লুট ও শ্লীলতাহানির অভিযোগ।
গাইবান্ধা শহরের গোডাউন রোড সরকারপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একটি ছাত্রাবাসে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ চারজন আহত হয়েছেন। একই সঙ্গে নগদ ৫০ হাজার টাকা লুট এবং এক নারীর শ্লীলতাহানির অভিযোগও করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে কেপি ছাত্রাবাসের ভেতরে এ ঘটনা ঘটে বলে অভিযোগকারী মোঃ আবু তাহেরের দায়ের করা এজাহার সূত্রে জানা গেছে।
এজাহারে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধের জেরে মোঃ খলিলুর রহমানসহ ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন আসামিরা লাঠি, লোহার রড, চাপাতি ও ছুরি নিয়ে দলবদ্ধভাবে ছাত্রাবাসে প্রবেশ করে গালিগালাজ শুরু করেন। এ সময় বাধা দিলে তারা আবু তাহের ও তাঁর স্বজনদের ওপর হামলা চালান।
এজাহারে আরও অভিযোগ করা হয়, হামলায় শামীম মিয়া ও হামিদা বেগমের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। সুমি বেগমের লাঠির আঘাতে হামিদা বেগমের বাম হাত ভেঙে যায়। এছাড়া সৌরভ মিয়াসহ অন্যরাও আহত হন। একপর্যায়ে ঘরে থাকা ট্রাঙ্ক থেকে ৫০ হাজার টাকা নিয়ে যাওয়ার এবং এক নারীর পরনের কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানির অভিযোগ করা হয়েছে।
পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় লিখিত এজাহার দায়ের করেছেন আবু তাহের।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশি তদন্ত ও সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।
গাইবান্ধা প্রতিনিধি 













