Blog

  • পুতিনের সঙ্গে ফোনালাপের ব্যবস্থা করার নির্দেশ ট্রাম্পের

    পুতিনের সঙ্গে ফোনালাপের ব্যবস্থা করার নির্দেশ ট্রাম্পের

    শপথ নেওয়ার পর প্রথম কয়েক দিনের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সূত্রের বরাত দিয়ে সিএনএন এ তথ্য জানিয়েছে। খবর তাসের

    প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প তার সহযোগীদের নির্দেশ দিয়েছেন শপথ নেওয়ার পরপরই পুতিনের সঙ্গে ফোনালাপের ব্যবস্থা করতে। তাদের ফোনালাপের একটি লক্ষ্য হবে, ইউক্রেনে সংঘাত থামাতে চেষ্টার জন্য ‘আগামী মাসগুলোতে একটি ব্যক্তিগত বৈঠক নিয়ে আলোচনা করা’।

    গত ৭ জানুয়ারি ট্রাম্প বলেন, ইউক্রেন ইস্যু সমাধানে ২৪ ঘণ্টার বেশি সময় লাগতে পারে। তিনি নির্বাচনী প্রচারণার সময়ও এমন কথা বলেছিলেন।

    এদিকে, পৃথক এক প্রতিবেদনে সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, শি জিনপিংয়ের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য শপথ নেওয়ার পর প্রথম ১০০ দিনের মধ্যে চীন সফরে যেতে চান ট্রাম্প। তাইওয়ান নিয়ে অচলাবস্থা এবং চীনা আমদানির ওপর ট্রাম্পের শুল্ক আরোপের হুঁশিয়ারির কারণে দুই দেশের মধ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে চীনা নেতার সঙ্গে সম্পর্ক আরও গভীর করাই এই সফরের লক্ষ্য।এর আগে গত শুক্রবার ট্রাম্প ও শি টেলিফোনে কথা বলেছেন। দুই নেতা বাণিজ্য, তাইওয়ান ও চীনা মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটকের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। সম্প্রতি টিকটক নিষিদ্ধের আইন কার্যকর করেছে বাইডেন প্রশাসন। তবে ফোনালাপের সময় ট্রাম্প চীন সফরের বিষয়টি উত্থাপন করেছেন কি না, তা স্পষ্ট নয়।

  • বিএনপি নেতার অস্ত্র লেনদেনের ভিডিও ভাইরাল

    বিএনপি নেতার অস্ত্র লেনদেনের ভিডিও ভাইরাল

    কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপি নেতা লিয়াকত আলির পিস্তল লেনদেনের এক মিনিট ৫২ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে।রোববার (১৯ জানুয়ারি) রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়ে। এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা।লিয়াকত আলি দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক।

    ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বিএনপি নেতা লিয়াকত আলী টেবিলের নীচ থেকে একটা পিস্তল টেবিলের উপরে রাখেন। তার পাশের চেয়ারে বসা এক যুবক সেই পিস্তলটি হাতে নেন এবং বিভিন্ন কায়দায় চেক করছেন। এ সময় তাদের সামনে আরও দুজন ব্যক্তি বসে ছিলেন।

    লিয়াকত আলী নিজ অফিস কক্ষে বসে অস্ত্র মাদক ব্যবসা করেন বলে অভিযোগ রয়েছে। নিজ অফিস কক্ষে বসে অস্ত্র বিক্রি করছিলেন বলে ধারণা করছেন স্থানীয়রা। তার বিরুদ্ধে মাদক অস্ত্রসহ ৭-৮টি মামলা রয়েছে।

    অভিযোগের বিষয়ে কথা বলার জন্য লিয়াকত আলির সঙ্গে যোগাযোগ চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

    এ দিকে খবর পেয়ে ওইদিন ভোরে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীচর এলাকায় তার বাড়িতে অভিযান চালান যৌথবাহিনী। অভিযান চালিয়ে ১৯ লাখ ৬৭ হাজার ৫০০ নগদ টাকা ও এক হাজার পিচ ইয়াবা বড়ি উদ্ধার করে। এ সময় বিএনপি নেতার ছেলে ও স্ত্রীকে আটক করে যৌথবাহিনী। অভিযানের সময় তিনি বাড়িতে ছিলেন না।

    বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা। তিনি বলেন, সেনাবাহিনী ও পুলিশের অভিযানে সাবেক ইউপি সদস্য লিয়াকতের বাড়িতে অভিযান চালিয়ে ১৯ লাখ ৬৭ হাজার ৫০০ নগদ টাকা ও এক হাজার পিচ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। এ সময় তার স্ত্রী ও ছেলেকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

    বিষয়টি নিয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব শহিদ সরকার মঙ্গল গণমাধ্যমকে বলেন, বিষয়টি আমার জানা ছিল না।  যদি এমন হয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, দল থেকে বহিষ্কার করা হবে।

  • অসুস্থ হয়ে হাসপাতালে বাবর

    অসুস্থ হয়ে হাসপাতালে বাবর

    হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। রোববার (১৯ জানুয়ারি) রাতে এই ঘটনা ঘটেছে।

    473738159_545169828499517_7989087037934934480_n

    জানা যায়, রাতে নেতাকর্মীদের মতবিনিময়ের সময় হঠাৎ বুকের বাম পাশে ব্যাথা অনুভব হয়। এরপর তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা শেষে সিসিইউতে ভর্তি আছেন বাবর। সুস্থতায় সকলের নিকট দোয়া চেয়েছেন নেত্রকোণা, মদন মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি বিএনপি’র নেতাকর্মীরা।

    দীর্ঘ ১৭ বছর পর গত বৃহস্পতিবার কারাগার থেকে মুক্তি পান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

  • দৈনিক ভোরের কাগজের প্রকাশনা বন্ধ ঘোষণা

    দৈনিক ভোরের কাগজের প্রকাশনা বন্ধ ঘোষণা

    ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন-ভাতা পরিশোধের দাবিতে রোববার (১৯ জানুয়ারি) রাজধানীর মৌচাকে ভোরের কাগজের অফিসের সামনে মানববন্ধন করেন পত্রিকাটির সাংবাদিক-কর্মচারীরা।দৈনিক ভোরের কাগজ প্রকাশনা বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) পত্রিকাটির মালিক পক্ষ একটি নোটিশের মাধ্যমে প্রকাশনা বন্ধের ঘোষণা দেয়। ভোরের কাগজের দায়িত্বশীল একাধিক সংবাদকর্মী বিষয়টি নিশ্চিত করেছেন।জানা গেছে, গত কয়েকদিন ধরেই ভোরের কাগজের কিছু সংবাদকর্মী অষ্টম ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন দাবি এবং তাদের নিয়োগের তারিখ থেকে বকেয়া পরিশোধের জন্য আন্দোলন করছিলেন।

    রোববার (১৯ জানুয়ারি) সংবাদকর্মীদের একটি অংশ সাংবাদিক ইউনিয়নের নেতাদের নিয়ে ভোরের কাগজের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন করেন। এর পরিপ্রেক্ষিতে আজ ভোরের কাগজের মালিকপক্ষ একটি নোটিশ জারি করে।

    নোটিশে বলা হয়, শ্রম আইন ২০০৬ এর ১২ ধারা অনুযায়ী মালিকের নিয়ন্ত্রণ বহির্ভূত হওয়ার কারণে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা ২০/০১/২০২৫ থেকে কার্যকর হবে।

    ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ফ্যাসিবাদের দোসর হিসেবে বিভিন্ন মামলায় গ্রেপ্তারের পর ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত বর্তমানে কারাগারে রয়েছেন। পত্রিকাটির মালিক সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীও গ্রেপ্তার হন। পরে তিনি জামিনে মুক্তি পান।

    পত্রিকাটির কর্মরত সাংবাদিকরা জানান, ভোরের কাগজ ৮ম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করেছে এমন ঘোষণা দিয়ে সরকার থেকে ৯০০ টাকা কলাম-ইঞ্চি বিজ্ঞাপনসহ সকল সুযোগ-সুবিধা নিয়েছে। কিন্ত সাংবাদিক-কর্মচারীদের ওয়েজ বোর্ডের বেতন স্কেলের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেছে।

  • বিএনপি কার্যালয়ে লেখা ‘জয় বাংলা’ স্লোগান, অতঃপর…

    বিএনপি কার্যালয়ে লেখা ‘জয় বাংলা’ স্লোগান, অতঃপর…

    মুন্সিগঞ্জের শ্রীনগরে ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সাটারে রাতের আধারে ‘জয় বাংলা’ স্লোগান লিখে দেয়ায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) দুপুর ২টার দিকে শ্রীনগর থানায় লিখিত অভিযোগটি দায়ের করেন পাটাভোগ ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম।

    লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, শ্রীনগর পুরাতন ফেরিঘাট এলাকায় অবস্থিত টিনের তৈরি পাটাভোগ ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সাটারে রোববার সকালে ‘জয় বাংলা’ শ্লোগান লেখা দেখতে পান স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। পরে এ ঘটনায় থানায় লিখিতভাবে অভিযোগ দায়েরের সিদ্ধান্ত হয়।ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসররা এখনো শ্রীনগরে অবাধে চলাফেরা করছে এটাই তার প্রমাণ। আওয়ামী লীগের দোসররা চাচ্ছে দেশে অরাজকতা সৃষ্টি করতে। সেই লক্ষ্যেই রাতের আধারে এমন ঘটনা ঘটিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী যাতে দ্রুত জড়িতদের আইনের আওতায় আনে সেই দাবি জানাচ্ছি।বিষয়টি নিশ্চিত করে শ্রীনগর থানার (ওসি) তদন্ত শাকিল আহমেদ বলেন, থানায় লিখিত অভিযোগ পেয়ে বিকেলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ছাড়া জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

  • এমপি লিটন হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক এমপি কাদের খানের মৃত্যু

    এমপি লিটন হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক এমপি কাদের খানের মৃত্যু

    গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত সাবেক সংসদ সদস্য কর্নেল (অব.) ডা. আবদুল কাদের খান (৭৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

    রবিবার (১৯ জানুয়ারি) ভোরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার ভাগিনা গাইবান্ধার একটি বেসরকারি কলেজের সহকারী অধ্যাপক হাবিবুর রহমান। তিনি জানান, এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় ফাঁসির আসামি ছিলেন কর্নেল (অব.) আবদুল কাদের খান। গত বছরের ৯ অক্টোবর কেরানীগঞ্জ কারাগারে ব্রেন স্ট্রোক করলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ১৩ অক্টোবর আইসিইউতে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ১৫ জানুয়ারি তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। রবিবার ভোর সাড়ে চারটার দিকে তিনি মারা যান। কর্নেল (অব.) ডা. আবদুল কাদের খান মৃত্যুকালে স্ত্রী ও একমাত্র পুত্র সন্তান রেখে যান। তারা দুজনই চিকিৎসক।প্রসঙ্গত, ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গার মাস্টারপাড়ার নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটন নিহত হন। এই ঘটনায় লিটনের বড় বোন ফাহমিদা কাকলী বুলবুল সুন্দরগঞ্জ থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাত পাঁচ থেকে ছয়জনকে আসামি দেখানো হয়। ২০১৯ সালের ৫ ডিসেম্বর গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক একই আসনের আরেক সাবেক সাংসদ কর্নেল (অব.) ডা. আবদুল কাদের খানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দেন। এ ছাড়া লিটন হত্যার ঘটনায় দায়ের হওয়া অস্ত্র আইন মামলায় আবদুল কাদের খানকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালত।

    সুত্র: বাংলাদেশ প্রতিদিন

  • সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

    সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

    চেক প্রতারণার মামলায় ক্রিকেটার ও মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।রবিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান এই পরোয়ানা জারি করেন।

    এর আগে গত ১৫ ডিসেম্বর আইএফআইসি ব্যাংকের পক্ষে শাহিবুর রহমান বাদী হয়ে মামলা করেন। মামলার অপর আসামিরা হলেন- সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের এমডি গাজী শাহাগীর হোসাইন, প্রতিষ্ঠানটির পরিচালক ইমদাদুল হক ও মালাইকা বেগম।

    গত ১৮ ডিসেম্বর আদালত ১৮ জানুয়ারি সাকিবসহ চারজনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। এদিন সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্মের ডিরেক্টর ইমদাদুল হক ও মালাইকা বেগম আত্মসমর্পণ করে জামিন পান।

    তবে সাকিব আল হাসান ও অ্যাগ্রো ফার্মের ম্যানেজিং ডিরেক্টর গাজী শাহাগীর হোসাইন আদালতে হাজির হননি। এজন্য আদালত তাদের দু’জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।মামলা সূত্রে জানা যায়, আসামি সাকিবের মালিকানাধীন অ্যাগ্রো ফার্ম ব্যবসায়িক উদ্দেশে বিভিন্ন সময় আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ নেয়। বিপরীতে দুটি চেক ইস্যু করে সাকিবের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। পর্যাপ্ত টাকা না থাকায় চেক ডিজঅনার হয়। দুই চেকে টাকার পরিমাণ প্রায় চার কোটি ১৫ লাখ টাকা।

  • নারী সেজে জাহাঙ্গীরনগর বিশবিদ্যালয়ের ছাত্রী হলে বহিরাগত যুবক, অতঃপর..!

    নারী সেজে জাহাঙ্গীরনগর বিশবিদ্যালয়ের ছাত্রী হলে বহিরাগত যুবক, অতঃপর..!

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রী হলের একটি কক্ষ থেকে বহিরাগত এক যুবককে আটক করেছেন নারী শিক্ষার্থীরা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। গতকাল শনিবার দিনগত রাতে নওয়াব ফয়জুন্নেসা হলে এ ঘটনা ঘটে।জানা গেছে, আটক যুবকের নাম আশরাফুল আলম পারভেজ ওরফে যাযাবর পারভেজ (৩১)। তার বাড়ি চট্টগ্রামের আগ্রাবাদের ডাবলমুরিং থানায়। বর্তমানে গাজীপুরে থাকেন। হিম উৎসব দেখতে বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন তিনি।

    আটক ওই যুবক বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত বিশ্ববিদ্যালয়টির এক নারী শিক্ষার্থীর মাধ্যমে তিনি হলে ওঠেন। ওই যুবককে আটকের পর তাকে শাড়ি ও টিপ পরিয়ে দেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা। এরপর তাকে জুতাপেটা করে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

    প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের হিম উৎসব শেষে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের এক শিক্ষার্থীর সঙ্গে কপালে টিপ, প্লাজো ও মুখে ঘোমটা দিয়ে নওয়াব ফয়জুন্নেসা হলে প্রবেশ করেন পারভেজ। তৃতীয় তলায় কক্ষে গিয়ে চাঁদর খুলে ফেলার পর আশপাশের কক্ষে থাকা ছাত্রীরা তার উপস্থিতি টের পায়। এ নিয়ে ক্যাম্পাস জুড়ে শোরগোল পড়ে যায়। পরে তাকে আটক করা হয়। ক্যাম্পাসে ছাত্রী হলের নিরাপত্তা বিঘ্নের প্রতিবাদে মধ্যরাতে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।

    আটক পারভেজের পরিচিত ওই নারী শিক্ষার্থী বলেন,‌‌‌ ‘আমরা উভয়েই ভালো বন্ধু। হিম উৎসবে সে এসেছিল। রাতে থাকার জায়গা না থাকায়, তাকে হলে নিয়ে এসেছি। আমরা কেউ আপত্তিকর অবস্থায় ছিলাম না।’

    বহিরাগত পারভেজ বলেন, ‘আমরা দু’জন ভালো বন্ধু। সাত বছরের বন্ধুত্ব। দু’জনেই লালন ভক্ত। আমি হিম উৎসবে বেড়াতে এসেছি। হলে আসার সময় আমি কপালে টিপ পরে এবং মুখ ও শরীর চাদরে মুড়িয়ে হলে প্রবেশ করি।’

    এ সময় আটক পারভেজ ওই নারী শিক্ষার্থীকে বিয়ের বন্দোবস্ত করেছেন বলে দাবি করেন। তবে ওই নারী শিক্ষার্থীর স্বামীকে ফোন দেওয়া হলে তিনি পারভেজকে চেনেন না বলে জানান।

    হল প্রভোস্ট অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উপস্থিত হই। অভিযুক্তদের প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে পুরো ঘটনা খতিয়ে দেখা হবে। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

    প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, আটক যুবক ও অভিযুক্ত নারী শিক্ষার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তাদের শাস্তির মুখোমুখি করা হবে।

  • মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৪৫.৬২ শতাংশ

    মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৪৫.৬২ শতাংশ

    ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের জন্য ৬০ হাজার ৯৫ জন উত্তীর্ণ হয়েছেন।পাসের হার ৪৫ দশমিক ৬২ শতাংশ।

    আজ রবিবার বিকালে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন।

    ফলাফলে দেখা গেছে, ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য ৫ হাজার ৩৭২ জন পরীক্ষার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।

    সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ভর্তির পরীক্ষা গত শুক্রবার অনুষ্ঠিত হয়। এ বছর মোট ১ লাখ ৩১ হাজার ৭২৯ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এবার কোটাসহ মেডিকেলে মোট আসন ৫ হাজার ৩৮০টি।

    ফলাফল জানা যাবে যেভাবে

    এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল ঘোষণার পর ওয়েবসাইট থেকে ফলাফল জানা যাবে। তাছাড়া স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটেও ফলাফল বিষয়ক তথ্য প্রকাশ করা হবে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মুঠোফোনে ক্ষুদে বার্তায়ও ফল জানিয়ে দেওয়া হবে।

  • ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন যারা, নেই নরেন্দ্র মোদি

    ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন যারা, নেই নরেন্দ্র মোদি

    আগামী সোমবার (২০ জানুয়ারি) দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এবারই প্রথমবার রীতি ভেঙে কয়েকজন বিশ্বনেতাকে নিজের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। যার মধ্যে আছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, এল সাদভাদরের প্রেসিডেন্ট নাঈব বুকেলে এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

    এছাড়া এ তালিকায় আছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেয়ার বলসোনারোও। তবে ট্রাম্পের কাছের মানুষ হিসেবে পরিচিত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমন্ত্রণ পাননি। তার শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

    ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেত্তি এ ব্যাপারে জানান, তার মতে এখন কারা শপথ অনুষ্ঠানে যাচ্ছেন, সেটি খুব বড় কোনো ইস্যু নয়। বিশেষ করে মোদির জন্য। কারণ তিনি ট্রাম্পের সঙ্গে খুব শিগগিরই দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে আশা তার। তিনি বলেন, “আমার আত্মবিশ্বাস আছে ট্রাম্প শপথ নেওয়ার খুব কম সময়ের মধ্যে প্রধানমন্ত্রী মোদি দ্বিপক্ষীয় বৈঠক করতে যাবেন।

    এছাড়া ভারত এ বছর কোয়াড সম্মেলন আয়োজন করবে। আমি আশা করছি, প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রথম বছরে ভারতে আসবেন। এ দুটি বিষয় বিশেষভাবে ঐতিহাসিক হবে।”

    এদিকে সংবাদমাধ্যম এমএসএন জানিয়েছে, জয়শঙ্কর যে আমন্ত্রণের ভিত্তিতে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যাচ্ছেন, সেটি কী মোদিকে নাকি জয়শঙ্করকে পাঠানো হয়েছে- এ বিষয়টি নিশ্চিত করেননি ভারতীয় সরকারি কর্মকর্তারা।