Blog

  • জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ

    জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ

    বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) ৮৯তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলীর বাগবাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছে তার প্রতিষ্ঠিত দল বিএনপি।কর্মসূচির মধ্যে রয়েছে- প্রথম প্রহরে (রাত ১২টা) ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কমলাপুর রেলওয়ে স্টেশনে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ। সকাল সাড়ে ৯টায় নেতারা শেরে বাংলা নগরের শহীদ জিয়ার কবরে দোয়া ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন।

    এছাড়া বিকাল ৪টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান বাগবাড়িতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ। এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

    পরদিন ২০ জানুয়ারি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের সদর থানার ৬নং একাটুনা ইউনিয়নে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে। এছাড়াও দিবসটি উপলক্ষ্যে দেশব্যাপী সব জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌর ও ইউনিয়ন পর্যায়ে আলোচনা সভা, দোয়া মাহফিল, শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণের কর্মসূচি পালন করবে বিএনপি।

    দিনটি উপলক্ষ্যে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের প্রবক্তা ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তার প্রতি জানাই গভীর শ্রদ্ধা। তার আত্মার মাগফিরাত কামনা করি।

    মির্জা ফখরুল বলেন, জীবদ্দশায় দেশের সব ক্রান্তিকাল উত্তরণে শহীদ জিয়া ছিলেন জাতির দিশারি। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাংলাদেশের জনগণের ওপর আক্রমণ করার পর তিনি সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। জিয়াউর রহমান ২৬ মার্চ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ শুরু করেন অসীম বীরত্বে। সেদিন থেকেই দেশবাসী তার অসাধারণ নেতৃত্বের পরিচয় পায়।

    ফখরুল বলেন, স্বাধীনতাত্তোর দুঃসহ স্বৈরাচারী দুঃশাসনে চরম হতাশায় দেশ যখন নিপতিত, জাতি হিসেবে আমাদের এগিয়ে যাওয়া যখন বাধাগ্রস্ত হয় ঠিক সেই সংকটের এক পর্যায়ে জিয়াউর রহমান জনগণের নেতৃত্বভার গ্রহণ করেন। মিথ্যা প্রতিশ্রুতির অপরাজনীতি দ্বারা জনগণকে প্রতারিত করে স্বাধীনতাত্তোর ক্ষমতাসীন মহল যখন মানুষের বাক-ব্যক্তি ও মত প্রকাশের স্বাধীনতাকে হরণ করে গণতন্ত্রকে মাটিচাপা দিয়েছিল, দেশকে ঠেলে দিয়েছিলো দুর্ভিক্ষের এক সীমাহীন নৈরাজ্যের মধ্যে। বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ির আন্তর্জাতিক খেতাবপ্রাপ্ত হতে হয়, জাতির এরকম এক মহা-সংকটকালে ৭ নভেম্বর সৈনিক জনতার ঐতিহাসিক বিপ্লবে শহীদ জিয়া রাষ্ট্রক্ষমতার হাল ধরেন।

    জিয়াউর রহমানের ডাকনাম কমল। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন।

  • দেশের ১৭ লাখ ইমাম-মুয়াজ্জিম ও খাদেমকে সম্মানী ভাতা দিবে সরকার

    দেশের ১৭ লাখ ইমাম-মুয়াজ্জিম ও খাদেমকে সম্মানী ভাতা দিবে সরকার

    মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা ২০০৬ অনুযায়ী দেশের সকল মসজিদকে ইসলামিক ফাউন্ডেশন আওতায় এনে ইমাম-মুয়াজ্জিন ও খাদেমকে মাসিক সম্মানী ভাতা দেয়ার উদ্যোগ নিয়েছে অন্তর্ভুক্ত কালীন সরকার।

    শুরুতে দেশের মোট মসজিদের ১০ শতাংশ মসজিদে প্রথম দফায় এ কর্মসূচি চালু করা হবে। পর্যায়ক্রমে বাকি মসজিদগুলোকেও এই কর্মসূচির আওতায় আনা হবে। ইসলামিক ফাউন্ডেশন (ইফা) সারা দেশের মসজিদগুলোর তালিকা করতে গত মঙ্গলবার সাত সদস্যের কমিটি গঠন করেছে।

    মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা ২০০৬ যুগোপযোগী করা এবং গত বছরের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সরকার থেকে সম্মানী প্রদান করা হবে বলে কমিটি গঠনের অফিস আদেশে বলা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে প্রতিষ্ঠানটির সচিব মোহাম্মদ ইসমাইল হোসেনকে।

    কমিটির প্রধান ও ইসলামিক ফাউন্ডেশনের সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, সারা দেশে অন্তত সাড়ে তিন লাখ মসজিদ রয়েছে। এসব মসজিদে ১৭ লাখের বেশি ইমাম ও মুয়াজ্জিন রয়েছেন। এর বাইরে শহরের মসজিদগুলোতে খাদেম রয়েছেন। সরকার পরীক্ষামূলকভাবে প্রথম দফায় দেশের ১০ শতাংশ মসজিদে এ কর্মসূচি চালু করবে। পরে ধাপে ধাপে সব মসজিদ এর আওতায় আসবে। কর্মসূচির আওতায় প্রতিটি মসজিদকে ১২ হাজার করে টাকা দেওয়া হবে। তা থেকে ইমাম পাঁচ হাজার, মুয়াজ্জিন চার হাজার এবং খাদেম তিন হাজার টাকা করে পারেন।

    ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, একইভাবে মন্দিরের পুরোহিত ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরাও এ ভাতার আওতায় আসবেন।

  • চার প্রদেশে দেশ ভাগ করার কথা ভাবছে সংস্কার কমিশন

    চার প্রদেশে দেশ ভাগ করার কথা ভাবছে সংস্কার কমিশন

    দেশের পুরোনো চারটি বিভাগকে চারটি প্রদেশ করার সুপারিশের কথা ভাবছে জনপ্রশাসন সংস্কার কমিশন। রাষ্ট্রীয় নিরাপত্তাসহ গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া অন্যান্য বিষয়ের ব্যবস্থাপনা প্রদেশের হাতে দেওয়ার পক্ষে এ কমিশন।গত বুধবার (১৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কাছে সংবিধান, নির্বাচন, পুলিশ ও দুর্নীতি দমন কমিশনসংক্রান্ত সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে। পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা না দিলেও ওই অনুষ্ঠানে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান ও সদস্যরা উপস্থিত ছিলেন। তারা তাদের সম্ভাব্য কিছু সুপারিশের কথা তুলে ধরেন। এর মধ্যে চারটি প্রদেশ করার বিষয়টিও রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

    পরিচয় প্রকাশে অনিচ্ছুক দায়িত্বশীল একটি সূত্র জানায়, জনপ্রশাসন সংস্কার কমিশনের সম্ভাব্য সুপারিশগুলোর মধ্যে অন্যতম হলো বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে চারটি প্রদেশ করা। এই চার প্রদেশ হলো ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা। তবে এসব প্রদেশের পরিচালনা কাঠামো কেমন হবে, কাজ কী কী হবে, সেই ভাবনা এখনো জানা যায়নি।

    কমিশনের একটি সূত্র বলেছে, বিষয়টি আলোচনার পর্যায়ে আছে। এখনো কমিশনের সুপারিশ চূড়ান্ত হয়নি। বিষয়টি মূলত সংবিধানসংক্রান্ত বিষয়। তাই কাঠামোর বিষয়ে তাদের পক্ষে এখনই বলা সম্ভব নয়।বাংলাদেশে একাধিক প্রদেশ করার আলোচনা নতুন নয়। অন্তর্বর্তী সরকারের এক মাস পূর্তি উপলক্ষে উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন ‘রাষ্ট্র মেরামতের এখনই সময়’ শীর্ষক লেখায় পাঁচটি প্রদেশ করার প্রস্তাব করেন। দৈনিক প্রথম আলোতে প্রকাশিত ওই লেখায় পাঁচ প্রদেশের কাজ কী হবে, সেই ধারণাও দেন তিনি। বিকেন্দ্রীকরণের ওপর জোর দিয়ে তিনি বলেন, বাংলাদেশ জনসংখ্যার দিক থেকে বিশ্বে অষ্টম বৃহত্তম দেশ। জনসংখ্যা প্রায় সাড়ে ১৭ কোটি। ছোট দেশ হলেও এত বিরাট জনগোষ্ঠীর কাছে সরকারকে নিয়ে যেতে হলে বাংলাদেশকে ন্যূনতম পাঁচটি প্রদেশে ভাগ করে একটি ফেডারেল কাঠামোর রাষ্ট্র করা যেতে পারে। পূর্ব ও পশ্চিম অঞ্চলে দুটি করে চারটি প্রদেশ ও বৃহত্তর ঢাকা নিয়ে আরেকটি প্রদেশ। মেট্রোপলিটন ঢাকা কেন্দ্রশাসিত থাকবে। কেন্দ্রের হাতে প্রতিরক্ষা, পররাষ্ট্র, সীমান্ত ও সমুদ্রনিরাপত্তা ব্যবস্থাপনা, যোগাযোগ ও বৈদেশিক সাহায্য-সহযোগিতার মতো বিষয়গুলো থাকবে। বাকি বিষয়গুলোতে কেন্দ্রের তত্ত্বাবধান থাকলেও প্রদেশগুলো ব্যবস্থাপনায় থাকবে।

    তবে প্রদেশ গঠনের চিন্তাকে নানা কারণে বাংলাদেশের জন্য সঠিক মনে করেন না স্থানীয় শাসনবিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ। এম সাখাওয়াত হোসেনের লেখার প্রতিক্রিয়ায় প্রথম আলোতে তিনিও একটি কলাম লিখেছিলেন।

    তোফায়েল আহমেদ এখন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি সাধারণভাবে আমার লেখায় যেটা বলার চেষ্টা করেছি এবং এখনো মনে করি, সেটা হচ্ছে ভৌগোলিকভাবে এই দেশটা একটা ছোট দেশ। মানুষ হয়তো বেশি। তবে ভাষাগত, ভৌগোলিক অবস্থাসহ বিভিন্ন ক্ষেত্রে বড় ধরনের কোনো বিভাজন নেই। আমি মনে করি, বর্তমানে যেসব বিভাগ আছে এবং স্থানীয় সরকারকে শক্তিশালী করলে এবং এখানে ভালো কাজ করার ক্ষমতা দিলে প্রদেশের ঝামেলায় না গেলেও চলে। প্রদেশ সমস্যা সমাধানের চেয়ে নতুন করে কিছু সমস্যার সৃষ্টি করবে।’

    বর্তমানে সারা দেশে আটটি প্রশাসনিক বিভাগ রয়েছে। এগুলো হলো ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ। এর বাইরে কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার আলোচনা আছে। এর আগে জনপ্রশাসন সংস্কার কমিশনও তাদের সম্ভাব্য সুপারিশে কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার কথা বলেছে।

    ১৫ জানুয়ারি সংবিধান সংস্কার কমিশনের জমা দেওয়া প্রতিবেদনে যেসব সুপারিশ এসেছে, তার মধ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের স্বায়ত্তশাসনের ওপর জোর দেওয়া হয়। এ ছাড়া সংবিধান সংস্কার কমিশন উচ্চ আদালতের বিকেন্দ্রীকরণ করে দেশের সব বিভাগে হাইকোর্ট বিভাগের সমান এখতিয়ারসম্পন্ন হাইকোর্টের স্থায়ী আসন চালুর সুপারিশ করেছে।

    উপসচিব পদে কোটার বিষয়ে আলোচনা

    গত অক্টোবরে জনপ্রশাসন সংস্কার কমিশনসহ ছয়টি সংস্কার কমিশনের প্রজ্ঞাপন জারি করেছিল মন্ত্রিপরিষদ বিভাগ। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সাবেক সচিব আবদুল মুয়ীদ চৌধুরী। ৩১ ডিসেম্বরের মধ্যে এ কমিশনের প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও সময় এক মাস বাড়ানো হয়।

    এর আগে গত ডিসেম্বরে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সম্ভাব্য কিছু সুপারিশের কথা জানিয়েছিলেন কমিশন প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী এবং সদস্যসচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান।

    সেদিনের বক্তব্য অনুযায়ী, সম্ভাব্য সুপারিশের মধ্যে ছিল উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের জন্য ৫০ শতাংশ এবং অন্য ক্যাডারের জন্য ৫০ শতাংশ কোটা, শিক্ষা ও স্বাস্থ্যকে ক্যাডারে অন্তর্ভুক্ত না রেখে আলাদা কমিশনে রাখা। তবে এ নিয়ে বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে করা সম্ভাব্য এই সুপারিশ নিয়ে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে তীব্র আপত্তি উঠেছে। তারা বলছেন, এ সুপারিশ তারা মানবেন না। এ ক্ষেত্রে তারা এ নিয়ে থাকা আপিল বিভাগেরও একটি রায়ের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন।

    অন্যদিকে শিক্ষা ও স্বাস্থ্যকে ক্যাডারে অন্তর্ভুক্ত না রেখে আলাদা কমিশনে রাখার যে সুপারিশ করা হচ্ছে, তা নিয়ে এই দুই ক্যাডারের কর্মকর্তারাও আপত্তি জানাচ্ছেন। এ রকম অবস্থায় চূড়ান্ত পর্যায়ে এসব সুপারিশ থাকছে কি না, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

    কমিশনের একটি সূত্র বলেছে, এখনো এ নিয়ে তারা আলোচনা করছে। কোটা থাকলে বা না থাকলে কার কী সুবিধা–অসুবিধা, সেগুলো আলোচনা করছে। আজ রোববারও তারা এ বিষয়ে আলোচনা করবে। জানতে চাইলে এ বিষয়ে কিছু বলতে চাননি কমিশনপ্রধান মুয়ীদ চৌধুরী।

    কমিশনের সম্ভাব্য সুপারিশের ভাবনায় আরও আছে নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন (পরিচয়-ঠিকানা ও রাজনৈতিক সম্পৃক্ততা ইত্যাদি যাচাই) প্রথা উঠিয়ে দেওয়া, তথ্য অধিকার আইনের আওতায় প্রতিটি জেলায় একজন কর্মকর্তা রাখা ইত্যাদি।

    সূত্র: প্রথম আলো

  • তত্ত্বাবধায়ক সরকার নিয়ে রিভিউ শুনানি মুলতবি

    তত্ত্বাবধায়ক সরকার নিয়ে রিভিউ শুনানি মুলতবি

    তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা-সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) শুনানি মুলতবি করা হয়েছে। আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত এ শুনানি মুলতবি থাকবে।রোববার (১৯ জানুয়ারি) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে রিভিউ আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় ১৩ নম্বর ক্রমিকে ছিল। এর আগে ১ ডিসেম্বর এ রিভিউটি শুনানির জন্য ১৯ জানুয়ারি দিন ধার্য করা হয়েছিল।

    সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে গত ১৬ অক্টোবর রিভিউ (পুনর্বিবেচনা) করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার আগে একই বিষয়ে ২৭ আগস্ট রিভিউ করেন সুশাসনের জন্য নাগরিক-সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। এছাড়া জামায়াত ইসলামীও একটি রিভিউ আবেদন করে। পরে এসব রিভিউ আবেদনের একত্রে শুনানির জন্য নির্ধারণ করা হয়।

    তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয় ১৯৯৬ সালে। এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে আইনজীবী এম সলিম উল্লাহসহ তিনজন আইনজীবী হাইকোর্টে রিট করেন। ২০১১ সালের ১০ মে ওই সংশোধনী অবৈধ ঘোষণা করে তা বাতিল করেন আপিল বিভাগ।

  • গাইবান্ধায় মিথ্যা হয়রানীমুলক মামলার প্রতিবাদে ও পরিবারের নিরাপত্তা চেয়ে নির্যাতিত গৃহবধূর সংবাদ সম্মেলন

    গাইবান্ধায় মিথ্যা হয়রানীমুলক মামলার প্রতিবাদে ও পরিবারের নিরাপত্তা চেয়ে নির্যাতিত গৃহবধূর সংবাদ সম্মেলন

    শনিবার দুপুরে জলা শহরের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন নির্যাতিত গৃহবধূ ফাতেমা তুজ জোহরা। এসময় উপস্থিত ছিলেন ওই গৃহবধূর মা ফাইমা বেগম ও ছোট দুই বোন খাদিজা তুজ তাহেরা ও উম্মে হাবিবা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, ২০১৮ সালের ৬ আগষ্ট শহরের পশু হাসপাতাল রোডের আমজাদ হোসেনের ছেলে আসিফ ফয়সাল লেলিনের সাথে আমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই টাকার জন্য লেলিন আমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। ওই বছরের ১৩ সেপ্টেম্বর আমার বাবা মারা গেলে আমার বাবার সম্পত্তি বিক্রি করে টাকা আনার জন্য নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়। আমার সুখের জন্য মা বিভিন্ন সময়ে লেলিনকে ১৬ লক্ষ ৩০ হাজার টাকা দেয়। আবারো নতুন ব্যবসা খোলার কথা বলে আমার বাবার পৈতৃক বাড়ি বিক্রি করা আরো ২০ লক্ষ টাকা নেয়। কিন্ত কোন ব্যবসা কিংবা দোকান না দেখতে পেয়ে আমি তার কাছে টাকা কোথায় জানতে চাইলে লেলিন আমাকে মারধর করে এবং আমি ও আমার ছোট দুই বোনকে হত্যার হুমকি দেয়। এমতাবস্থায় অত্যাচার সহ্য করতে না পেরে গত বছরের ১৯ সেপ্টেম্বর আমার খালুর বাড়িতে গিয়ে আশ্রয় নেই। এবং লেলিনকে ডিভোর্স নোটিশ পাঠাই। গত ৮ জানুয়ারি শহরের গোরস্থান পাড়ায় আমার দাদুর মরদেহ দেখে ফেরার পথে লেলিন তার লোকজন নিয়ে আমার ছোট দুই বোনকে মারধোর করে আমাকে জোর পুর্বক তুলে নিয়ে যায়। পর সেনাবাহিনীর সহযোগিতায় পুলিশ আমাকে উদ্ধার করে এবং লেলিনকে আটক করে। এরপর থেকে লেলিনের পরিবার আমার পরিবারের বিরুদ্ধে মিথ্যা হয়রানীমুলক মামলা দিয়ে ক্ষতি করার চেষ্টা চালিয়ে আসছে।

     

  • গাইবান্ধায় অসহায়, গরীব ও দুস্থদের মাঝে, শীত বস্ত্র বিতরণ

    গাইবান্ধায় অসহায়, গরীব ও দুস্থদের মাঝে, শীত বস্ত্র বিতরণ

    আজ শনিবার বিকেলে, আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থা জেলা শাখার আয়োজনে, শহরের আসাদুজ্জামান স্কুল এন্ড কলেজ মাঠে, দুইশো জন অসহায়, গরীব ও দুস্থদের মাঝে এই শীত বস্ত্র বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে, উপস্থিত থেকে শীত বস্ত্র বিতরণ করেন, সদর উপজেলা নির্বাহী অফিসার, মো:, মাহমুদ আল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থার, জেলার সভাপতি মো:, শামীম আল সাম্য, সহ- সভাপতি শরিফুল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক মো:, ফারহান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মো:, ইউসুফ বাবু, সাংগঠনিক সম্পাদক ফারজানা রহমান দিবা, অর্থ বিষয়ক সম্পাদক মো:, নিয়াম শেখ, দপ্তর সম্পাদক মো:, তানভীর রহমান, সহো দপ্তর সম্পাদক, তাজরুল ইসলাম তামীম, জনি শেখ, বিথি, কল্পনা,পাপিয়া সহ অনেকে।

  • ১৫% ভ্যাট প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন করেছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি

    ১৫% ভ্যাট প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন করেছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি

    কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সকালে ঘন্টাব্যাপী জেলা শহরের ১ নং ট্রাফিক মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তাব্য দেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সহ সভাপতি আসিফ মাহমুদ তমাল, গাইবান্ধা জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি তবারক হোসেন, সাধারন সম্পাদক বাদল চন্দ্র ঘোষ, কাজী নাজমুল হাসান, খায়রুল হাসান সহ অনেকে। বক্তারা বলেন, আমরা রেস্তোরাঁ সেক্টরে সব চেয়ে বেশি কর্মসংস্থান বৃদ্ধি করেছি। বর্তমানে রেস্তোরাঁ সেক্টরে ৩০ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এবার আমাদের একটা দাবি ছিল ভ্যাট ৩% করা। কমানো তো দুরের কথা এনবিআরের নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগের ৫% ও ভ্যাট টি নাই। উল্টে বৃদ্ধি করে ১৫% করা হয়েছে। এভাবে চলতে থাকলে আমরা পথে নেমে যাবো। আমাদের দাবি মানা না হলে পরবর্তীতে কঠোর কর্মসুচি দেওয়া হবে। মানববন্ধনটিতে জেলার বিভিন্ন রেস্তোরাঁর মালিক, কর্মচারীগন অংশ নেয়।

  • গাইবান্ধায় জমি নিয়ে বিরোধের জেরে আবুল হোসেন নামে এক বৃদ্ধ কে এলোপাথাড়ি মারধরের অভিযোগ

    গাইবান্ধায় জমি নিয়ে বিরোধের জেরে আবুল হোসেন নামে এক বৃদ্ধ কে এলোপাথাড়ি মারধরের অভিযোগ

    গাইবান্ধা জেলা সদরের মোল্লারচর ইউনিয়নের সিধাই চরে জমি নিয়ে বিরোধের জেরে অবসরপ্রাপ্ত সেনা সদস্য  আলহাজ্ব আবুল হোসেন(৫৫) নামে এক বৃদ্ধ ব্যক্তি কে এলোপাথাড়ি মারধরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে । এ ঘটনায় ভুক্তভোগী আলহাজ্ব আবুল হোসেনের ছোট ভাই মোঃ খালেকুজ্জামান বাদী হয়ে ৬ জন কে আসামি করে গাইবান্ধা সদর থানায় একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগের বিবরনী থেকে জানা যায়, সিধাই চরের মৃত আলহাজ্ব আব্দুল বারীর ছেলে মোঃ আবুল হোসেন ও তার পরিবারের লোকজন দের সাথে একই গ্রামের মৃত আলহাজ্ব আবু হানিফের ছেলে মোঃ আইয়ুব আলী(৩৮) ও তার ৩ ভাই মোঃজেলহক হোসেন কালু(৩৬),মোঃ শাহজাহান মিয়া(৪০),মোঃ দেলোয়ার হোসেন(৩২)এর দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধ কে কেন্দ্র করে গত সোমবার বেলা ১১ টার সময় ভুক্তভোগী আবুল হোসেন ও তার চাচাতো ভাই ছবদের(৪০)শহর থেকে গ্রামে যাওয়ার সময় কামারজানী বাজারে পৌছালে পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে শাহজাহান মিয়া তার ৩ ভাই ও তাদের সহযোগী আনোয়ার হোসেন ও জাহিদুল ইসলাম কে নিয়ে তাদের ওপর আক্রমণ চালায়। এতে ভুক্তভোগী আবুল হোসেন আহত হলে তার পকেটে থাকা নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। তাদের আত্নচিৎকারে আশেপাশে লোকজন ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে তাকে প্রাথমিক চিকিৎসা করানো হয়। এ ঘটনার ফলে নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী পরিবারটি।

  • সৌদি আরবে নজিরবিহীন বৃষ্টি-বন্যা, হাই রেড অ্যালার্ট জারি

    সৌদি আরবে নজিরবিহীন বৃষ্টি-বন্যা, হাই রেড অ্যালার্ট জারি

    সৌদি আরবে নজিরবিহীন মুষলধারে বৃষ্টিপাত এবং মারাত্মক বন্যা দেখা দিয়েছে। এই বন্যা বেশ কয়েকটি শহরের রাস্তা এবং আশেপাশে ছড়িয়ে পড়েছে। কয়েকদিন ধরে নিম্নচাপ অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে।

    এ অবস্থায় মঙ্গলবার (৭ জানুয়ারি) ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় মক্কা ও মদিনায় ‘হাই রেড অ্যালার্ট’ জারি করেছে। এছাড়া পূর্বাঞ্চলের শহরগুলোতে জারি হয়েছে ‘হাই রেড অ্যালার্ট’।

    47

    এসব অঞ্চল ছাড়াও দেশজুড়ে বিভিন্ন স্তরের সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। বিশেষ করে রাজধানী রিয়াদ, মধ্য সৌদি আরব এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির ও জাজান প্রদেশে বাসিন্দাদের শুধু সতর্ক করা হয়েছে।

    সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, রেড ক্রিসেন্ট নিরবচ্ছিন্ন অ্যাম্বুলেন্স পরিষেবা এবং দ্রুত কার্যক্রম নিশ্চিত করতে উদ্ধারকারী দলগুলোর জন্য সম্পূর্ণ অপারেশনাল প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করেছে। সৌদির উদ্ধার কর্তৃপক্ষও প্রস্তুতি জোরদার করেছে।

    cats

    সৌদি কর্তৃপক্ষ যেসব এলাকায় উচ্চ পর্যায়ের সতর্কতা জারি করা হয়েছে, সেখানে সুরক্ষা নির্দেশিকা অনুসরণ করতে বলেছে। দেশটির সিভিল ডিফেন্স সার্ভিস লোকজনকে উপত্যকা, নিচু এলাকা এবং বৃষ্টির পানি জমতে পারে এমন এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে।

    সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিওতে দেখা গেছে, ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের কারণে কিছু ভবনে পানি উঠে গেছে। পানিতে ভেসে আছে গাড়ি।

  • মাকে নিজে গাড়ি চালিয়ে নিয়ে গেলেন তারেক রহমান

    মাকে নিজে গাড়ি চালিয়ে নিয়ে গেলেন তারেক রহমান

    বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে পরিবারের সদস্যরা তাকে স্বাগত জানান। সে সময় এক আবেগঘন মুহূর্ত তৈরি হয়।বিমানবন্দর থেকে খালেদা জিয়াকে সরাসরি লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে মাকে নিয়ে ক্লিনিকে যান।

    বিএনপির মিডিয়া সেলে প্রকাশ করা এক ভিডিওতে দেখা যায়, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিজে গাড়ি চালিয়ে নিয়ে গেলেন তারেক রহমান। গাড়িতে সামনের সিটে তারেকের পাশে বসেন স্ত্রী ডা. জোবাইদা রহমান। আর পেছনের সিটে বসেন তার মা খালেদা জিয়া।

    বুধবার (৮ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টার দিকে (বাংলাদেশ সময় বেলা ৩টার দিকে) তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এসময় তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবাইদা রহমান ও তারেক রহমানের মেয়ে জাইমা রহমান তাকে স্বাগত জানান। সাত বছর পর মায়ের দেখা পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মাকে জড়িয়ে ধরেন তিনি। পুত্রবধূ জোবাইদাও দীর্ঘদিন পর শাশুড়িকে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

    পরে খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

    এর আগে বাংলাদেশ সময় সকাল ৬টায় কাতারের দোহা বিমানবন্দরে পৌঁছায় খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স। সেখানে আড়াই ঘণ্টা বিরতির পর এটি লন্ডনের উদ্দেশে ছেড়ে যায়।

    গতকাল মঙ্গলবার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে রওনা হন বিএনপি চেয়ারপারসন।