
গাইবান্ধায় স্কুল চলাকালীন ছাদে ভুট্টা শুকানো, মাঠে ধান মাড়াই—শিক্ষার পরিবেশে বিঘ্ন।
গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান চলাকালীন সময়ে বিদ্যালয়ের ছাদে ভুট্টা শুকানো এবং মাঠে ধান মাড়াই করার অভিযোগ উঠেছে। এতে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের পুরো ছাদজুড়ে ভুট্টা শুকানো হচ্ছে। একই সময়ে স্কুল মাঠে চলছে ধান মাড়াইয়ের কাজ। এ সময় শ্রেণিকক্ষে পাঠদান চলমান থাকলেও এমন কর্মকাণ্ডে শিক্ষার স্বাভাবিক পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে এবং ধান মাড়াইয়ের ফলে সৃষ্ট ধুলাবালিতে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কাও দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা। তারা দ্রুত এ ধরনের কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, একাধিকবার নিষেধ করা সত্ত্বেও এলাকার কিছু লোকজন বিদ্যালয়ের ছাদ ব্যবহার করে ভুট্টা শুকানো এবং মাঠে ধান মাড়াই কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে স্থানীয়দের অভিযোগ, শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা এভাবে ব্যবহার করা অনুচিত এবং এতে শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সচেতন মহল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
বিদ্যালয় প্রাঙ্গণে এমন অনিয়ম বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপই পারে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে।
নিয়াম শেখ গাইবান্ধা প্রতিনিধি 








