গাইবান্ধায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
গাইবান্ধায় ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে তিন মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) জেলা প্রশাসন ও গাইবান্ধা পৌরসভার উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পৌর পার্ক থেকে রেলওয়ে স্টেশন পর্যন্ত সড়কের দুই পাশে থাকা বিপণিবিতান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের মালিক-কর্মচারীদের নিজ নিজ প্রতিষ্ঠান ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতন করা হয়।
এ সময় ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে দোকান ও প্রতিষ্ঠানের আশপাশে পানি জমতে না দেওয়া এবং নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলার বিষয়ে ব্যবসায়ীদের পরামর্শ দেওয়া হয়। বিশেষ করে রাতের বেলা নির্ধারিত স্থানে ময়লা-আবর্জনা ফেলার আহ্বান জানানো হয়।
অভিযানের সময় বিভিন্ন মার্কেটে পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদাভাবে রাখার জন্য দুটি করে ডাস্টবিন বিতরণ করা হয়।
জেলা প্রশাসনের উদ্যোগে গত ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এ কার্যক্রমের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি এবং মশাবাহিত রোগের বিস্তার রোধে গুরুত্ব দেওয়া হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক 

















