ফুলছড়ি উপজেলার বালাসীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, এলাকাবাসীর হাতে বোলগেট আটক।
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসী এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে অনুমোদনহীনভাবে বালু উত্তোলনের অভিযোগে একটি বোলগেট আটক করেছে স্থানীয় এলাকাবাসী। পরে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বোলগেটটি জব্দ করেন। এ ঘটনায় বোলগেট ও নৌকার মালিককে পৃথকভাবে জরিমানা করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বালাসী এলাকার খোলাবাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে এলাকাবাসী দীর্ঘদিন ধরে সোচ্চার। এর মধ্যেই ব্রহ্মপুত্র নদে অনুমোদন ছাড়াই বালু উত্তোলন করা হচ্ছে—এমন অভিযোগ ওঠে। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা বালু উত্তোলনকারী বোলগেটটির পিছু নেন এবং ধাওয়া করে সেটি আটক করেন।
খবর পেয়ে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), স্থানীয় চেয়ারম্যান মো. সোহেল রানা সালু, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য সাজু মিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। পরে প্রশাসনের পক্ষ থেকে বোলগেটটি জব্দ করা হয়।
স্থানীয় সূত্র জানায়, অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে বোলগেটের মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই ঘটনায় নৌকার মালিককেও আরও ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এলাকাবাসীর অভিযোগ, ব্রহ্মপুত্র নদ থেকে অনিয়ন্ত্রিতভাবে বালু উত্তোলনের কারণে নদীর তীর ও আশপাশের জনবসতি ঝুঁকির মধ্যে পড়ছে। তারা অবৈধ বালু উত্তোলন বন্ধের পাশাপাশি নদীভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
গাইবান্ধা প্রতিনিধি 

















