Blog

  • ২০২৪ সালে পদ্মাসেতু থেকে ৮৩৮.৫৬ কোটি টাকা টোল আদায়

    ২০২৪ সালে পদ্মাসেতু থেকে ৮৩৮.৫৬ কোটি টাকা টোল আদায়

    বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ) ২০২৪ সালে পদ্মাসেতু থেকে সর্বোচ্চ ৮৩৮.৫৬ কোটি টাকা আয় করেছে। পদ্মা বহুমুখী সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয় জানান, ৬৭ লাখ ৩৬ হাজার ৪৭৮টি যানবাহন থেকে এই টোল আদায় করা হয়েছে।তিনি বলেন, ২০২২ সালের ২৫ জুন যান চলাচলের জন্য ৬.১৫ কিলোমিটার দীর্ঘ সেতুটি খোলার পর থেকে বিবিএ ১ কোটি ৫৮ লাখ ৮ হাজার ৯৬৮টি যানবাহন থেকে মোট ২ হাজার ৬১ কোটি ৯৭ লাখ টাকা আয় করেছে।

  • ৯ জানুয়ারি থেকে ফের শৈত্যপ্রবাহের শঙ্কা

    ৯ জানুয়ারি থেকে ফের শৈত্যপ্রবাহের শঙ্কা

    চলতি সপ্তাহের শেষে দেশের ওপর দিয়ে আরেকটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিসের কর্মকর্তারা জানান, শৈত্যপ্রবাহ শুরুর আগে কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হতে পারে।আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, প্রথমে উত্তর, উত্তর-পূর্ব অঞ্চলে শীতের দাপট শুরু হবে। এরপর ক্রমান্বয়ে দক্ষিণ-পূর্ব অঞ্চলে এবং পরে দক্ষিণ-পূর্ব অংশ এবং ঢাকা ও এর পার্শ্ববর্তী জেলাগুলোতে তীব্র শীত অনুভূত হতে পারে।

    তিনি বলেন, আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হতে পারে এই শৈত্যপ্রবাহ, স্থায়ী হতে পারে তিন-চার দিন। এ সময় দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে যাবে।

    আবহাওয়া অধিদপ্তরের মতে, আগামী কয়েক দিন আকাশ পরিষ্কার থাকায় তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে, নদীর তীরবর্তী এলাকাগুলোতে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা থাকবে। আর এই মাসের মাঝামাঝি সময়ে দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিম অঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে।

  • প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন কাবার সাবেক ইমাম ড. বুখারি

    প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন কাবার সাবেক ইমাম ড. বুখারি

    প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন পবিত্র কাবা শরিফের সাবেক ইমাম ও সিনিয়র মুহাদ্দিস, মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের ডিন, সৌদি আরবের সর্বোচ্চ ওলামা বোর্ডের ফকিহ ড. শায়েখ হাসান বিন আবদুল হামিদ বুখারি।

    বৃহস্পতিবার তিনি ঢাকায় পৌঁছাবেন। ফেনী রঘুনাথপুর দারুল উলুম মুহিউস সুন্নাহ মাদরাসার মুহতামিম ও যুক্তরাজ্যের বার্মিংহাম বেলাল একাডেমি মসজিদের খতিব মাওলানা সালাহউদ্দিন জাহাঙ্গীর যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, সফরের প্রথম দিন ১৭ জানুয়ারি ফেনীর রঘুনাথপুর দারুল উলুম মুহিউস সুন্নাহ মাদরাসার দশম আন্তর্জাতিক সম্মেলনে জুমার নামাজের ইমামতি করবেন। জুমার নামাজের পর, তিনি হেলিকপ্টারযোগে ঢাকায় ফিরে আসবেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করে জাতীয় মসজিদে মাগরিবের নামাজের ইমামতি করবেন।

    জানা যায়, আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের আমন্ত্রণে, মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানির আহ্বানে তিনি ৩ দিনের সফরে বাংলাদেশে আসছেন। ১৭ জানুয়ারি (শুক্রবার) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব চত্বরে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ, সৌদি আরব, মিশর, ইরান, সংযুক্ত আরব আমিরাত, ইংল্যান্ড, ভারত ও পাকিস্তানের প্রখ্যাত ইসলামিক স্কলার, বিশ্ববরেণ্য কারিগণ অংশগ্রহণ করবেন। এছাড়াও, সরকারের উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এ অনুষ্ঠানে।

    ড. শায়েখ হাসান বিন আবদুল হামিদ বুখারি একজন প্রখ্যাত ইসলামিক স্কলার, যিনি কাবা শরিফের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের ডিন ও সৌদি আরবের সর্বোচ্চ ওলামা বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি হাদিস ও ইসলামিক ফিকহের উপর গভীর জ্ঞান রাখেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে তার বক্তৃতা ও লেখালেখির জন্য সুপরিচিত।

    কর্মজীবনে তিনি শুরুতে ২০০০ সাল থেকে ২০০৩ পর্যন্ত মসজিদ আল হারামাইন শরিফ এর অভ্যন্তরীণ একাডেমি শিক্ষক ছিলেন। ২০০৪ সাল পর্যন্ত তিনি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় আরবি ভাষা ইনস্টিটিউট এর প্রভাষক ছিলেন। এরপর তিনি ২০০৮ সাল, ২০১৫ সালে দুই বার উক্ত বিশ্ববিদ্যালয় সরকারি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।তিনি মক্কা নগরী তাহফিজুল কোরআন হালকা শিক্ষক ও তত্ত্বাবধায়ক এর দায়িত্ব পালন করছেন। ইমাম শায়েখ হাসান বুখারির হারামাইন পরিচালনা পরিষদে খণ্ডকালীন পরামর্শয়ক হিসাবে দায়িত্ব পালন করে থাকেন। উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় শিক্ষক অনুষদে সদস্য ড. হাসান বুখারি কে ২০১৫ সালে বর্তমান বাদশা সালমান বিন আব্দুল আজিজ পবিত্র মক্কা হারামাইন শরিফ এর অতিথি ইমাম হিসেবে নামাজ পড়ানো সুযোগ করে দেন।

  • ভয়াবহ তুষারঝড়ের কবলে যুক্তরাষ্ট্র, জরুরি অবস্থা জারি

    ভয়াবহ তুষারঝড়ের কবলে যুক্তরাষ্ট্র, জরুরি অবস্থা জারি

    শক্তিশালী শীতকালীন ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্র।  ঝড়ের প্রভাবে দেশটির বিভিন্ন রাজ্যে সর্বোচ্চ তুষারপাত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।  এমনকি দেশটিতে গত এক দশকের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রাও রেকর্ড হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঝড়ের কারণে কয়েকটি এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।রোববার (৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, ঝড়টি দেশটির মধ্য অঞ্চলে শুরু হয়েছে। যা আগামী কয়েকদিনের মধ্যে পূর্ব দিকে যাবে।

    প্রতিবেদনে আরও বলা হয়েছে,  ঝড়ের কারণে কেন্টাকি এবং ভার্জিনিয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। এছাড়া মিসিসিপি এবং ফ্লোরিডার মতো রাজ্য— যেগুলোর বাসিন্দারা তীব্র ঠান্ডার সঙ্গে পরিচত নয়, তাদের এই প্রাকৃতিক বিপর্যয় নিয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

    আবহাওয়াবিদরা বলছেন, মেরু ঘূর্ণির কারণে আবহাওয়ায় এমন বিরূপ পরিস্থিতি দেখা যাচ্ছে।  মেরু ঘূর্ণি একটি ঠান্ডা বায়ুময় এলাকা। যেটি আর্কটিক অঞ্চলে চলাচল করে।যুক্তরাষ্ট্রের জাতীয় মহাসাগর ও বায়ুমণ্ডলীয় প্রশাসন বলেছে, কিছু কিছু জায়গায় গত এক দশকের মধ্যে সর্বোচ্চ তুষারপাত হতে পারে। অ্যাকুওয়েদারের আবহাওয়াবিদ ড্যান ডেপোডিন বলেছেন, ঝড়টির কারণে ২০১১ সালের পর যুক্তরাষ্ট্রের মানুষ সবচেয়ে ঠান্ডা জানুয়ারি প্রত্যক্ষ করতে পারে।ভয়ঙ্কর এ ঝড়টির প্রভাবে সাধারণ মানুষের প্রতিদিনকার কর্মকাণ্ড বাধাগ্রস্ত হবে। এছাড়া সড়কপথ বন্ধও হয়ে যেতে পারে। কানসাস এবং ইন্ডিয়ানাতে প্রায় ৮ ইঞ্চি পরিমাণ তুষারপাত হতে পারে। অপরদিকে মধ্যপশ্চিমাঞ্চলে তুষারঝড় হওয়ার সম্ভাবনা আছে।আবহাওয়াবিদ রায়ান মাও বলেছেন, “ঝড়ের কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।  বলা যায় বিপর্যয় ঘটবে। এটি এমন ঝড় যা আমরা গত কয়েক বছর দেখিনি।”

  • স্টেশনের মনিটরে অশ্লীল দৃশ্য : জড়িতদের শনাক্তে আদালতের নির্দেশ

    স্টেশনের মনিটরে অশ্লীল দৃশ্য : জড়িতদের শনাক্তে আদালতের নির্দেশ

    রাজধানীর কমলাপুর রেলস্টেশনের মনিটরে অশ্লীল ভিডিও প্রদর্শনের সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে নির্দেশ দিয়েছেন আদালত।

    রোববার (৫ জানুয়ারি) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগ স্বতঃপ্রণোদিত হয়ে এই আদেশ দেন।

    ওই আদালতের স্টেনোগ্রাফার জালিজ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন ফৌজদারি কার্যবিধির ১৯০ (১)সি ধারায় স্বতঃপ্রণোদিতভাবে আমলে নিয়ে আদালত একটি মিস মামলা রেকর্ড করেন। একইসঙ্গে প্রকাশিত ও প্রচারিত সংবাদের সরেজমিনে অনুসন্ধান করে আদেশ প্রাপ্তির ৩০ (ত্রিশ) দিনের মধ্যে জড়িত ব্যক্তিদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানাসহ প্রতিবেদন দাখিলের জন্য বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও), বাংলাদেশ রেলওয়ে, ঢাকাকে নির্দেশ দেন। অনুসন্ধানকারী কর্মকর্তাকে সার্বিক সহায়তা দেওয়ার জন্য অফিসার ইনচার্জ, ঢাকা রেলওয়ে থানা, ঢাকা রেলওয়ে জেলাসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

    আদালতের আদেশে বলা হয়েছে, উক্ত কার্যটি ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ৮(৩)(৪)ও(৫) ধারা এবং ১৮৬০ সালের দণ্ডবিধি আইনের ২৯২ ও ২৯৩ ধারায় শাস্তিযোগ্য অপরাধ।এ ঘটনার বিষয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদে বলা হয়, গত ২৭ ডিসেম্বর (শুক্রবার) গভীর রাতে অশ্লীল ভিডিও প্রচার শুরু হলে উপস্থিত যাত্রীরা সেটি ভেঙে দেন। এই ডিজিটাল মনিটরে কোন ট্রেন কখন ছাড়বে, কখন পৌঁছাবে এ সংক্রান্ত তথ্য প্রদর্শন করা হয়। শুক্রবার দিবাগত রাত ২টা ৫ মিনিটের দিকে হঠাৎ ডিজিটাল মনিটরে অশ্লীল ভিডিও চলতে শুরু করে। প্রায় ২০ মিনিটের বেশি সময় ধরে চলেছে। এ সময় যাত্রীরা বিব্রত ও ক্ষুব্ধ হন। উপস্থিত লোকজন এটি বন্ধ করার চেষ্টা করেও ব্যর্থ হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একপর্যায়ে এক যাত্রী পাথর ছুড়ে ডিজিটাল মনিটর ভেঙে ফেলেন।

    এ বিষয়ে ঢাকা বিভাগীয় রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফ সাংবাদিকদের বলেন, ঘটনার কারণ উদঘাটনে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবেন তারা।

  • কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে,“টোটাল ফিটনেস ডে ২০২৫ ও পিঠা উৎসব পালন

    কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে,“টোটাল ফিটনেস ডে ২০২৫ ও পিঠা উৎসব পালন

    ভালো মানুষ ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় ৩রা জানুয়ারি শুক্রবার  কোয়ান্টাম ফাউন্ডেশনের নিজ কার্যালয়ে গাইবান্ধা সেলের উদ্যোগে “টোটাল ফিটনেস ডে ২০২৫ ও পিঠা উৎসব পালন করা হয় ।এ উপলক্ষে প্রতিষ্ঠানটি আলোচনা, মেডিটেশন-দমচর্চার অনুশিলনের পাশাপাশি পিঠা উৎসবের আয়োজন করে। প্রোগ্রামটিতে “ভালো ভাববো, ভালো বলবো, ভালো করবো, ভালো থাকবো” এ অটোসাজেসন টি সমবেত কন্ঠে পাঠ করা হয়। এতে ফাউন্ডেশনের দুই শতাধিক সদস্য ও শুভানুদ্ধায়ী অংশগ্রহন করেন। প্রোগ্রামটি সঞ্চালনা করেন, মো: মাসুদুর রহমান ও সিফাত বিনতে সাইফুল সুবা।কোয়ান্টাম ফাউন্ডেশনের গাইবান্ধা সেলের আহব্বায়ক, মো: ফারুক হোসেনের সমাপনি বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। অনুষ্ঠান শেষে শীতকালীন বিভিন্ন ধরনের পিঠা ও পায়েশ দ্বারা উপস্থিত সকল কে আপ্যায়ন করা হয়।

  • হাসপাতালে প্রবীর মিত্র, অবস্থা সংকটাপন্ন

    হাসপাতালে প্রবীর মিত্র, অবস্থা সংকটাপন্ন

    গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি গুণী অভিনেতা প্রবীর মিত্র। শরীরে অক্সিজেন স্বল্পতাসহ বেশ কিছু অসুস্থতায় গত ২২ ডিসেম্বর তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়।  অভিনেতার বর্তমান অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন প্রবীর মিত্রের ছেলে মিথুন মিত্র।

    শনিবার (৪ জানুয়ারি) দুপুরে ছেলে মিথুন মিত্র গণমাধ্যমকে বলেন, ‘বাবার শরীরটা ভালো যাচ্ছে না। বয়সের সঙ্গে কিছু শারীরিক জটিলতায় গত ২২ ডিসেম্বর বাবাকে হাসপাতালে ভর্তি করি। শরীরে অক্সিজেন পাচ্ছিল না। এরপর আইসিইউতে নেওয়া হয়। সেখান থেকে কেবিনে দেওয়া হয়েছিল। এখন আবার এইচডিইউতে রাখা হয়েছে। তেমন কোনো অগ্রগতি নেই। খারাপ অবস্থার দিকে। ব্লাড লস হচ্ছে, প্লাটিলেটও কমে যাচ্ছে।’

    Prabir Mitra.1

    ১৯৪৩ সালের ১৮ আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন প্রবীর মিত্র। তার পুরো নাম প্রবীর কুমার মিত্র। পুরান ঢাকায় বড় হওয়া প্রবীর মিত্র স্কুলজীবন থেকেই নাট্যচর্চার সঙ্গে যুক্ত হন। স্কুলজীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’ নাটকে অভিনয় করেছিলেন তিনি।

    ১৯৬৯ সালে প্রয়াত এইচ আকবরের ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথম প্রবীর মিত্র ক্যামেরার সামনে দাঁড়ান। যদিও চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৭১ সালের ১ জানুয়ারি। ক্যারিয়ারের প্রথম দিকে নায়ক চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা। ‘তিতাস একটি নদীর নাম’, ‘চাবুক’-এর মতো সিনেমায় তিনি ছিলেন নায়ক। এ ছাড়া ‘রঙিন নবাব সিরাজউদ্দৌলা’ সিনেমাতেও তিনি ছিলেন মূখ্য চরিত্রে। এরপর ধীরে ধীরে প্রবীর মিত্র মনোযোগী হন চরিত্রভিত্তিক অভিনয়ে।

    Prabir Mitra.2

    ‘তিতাস একটি নদীর নাম’, ‘জীবন তৃষ্ণা’, ‘সেয়ানা’, ‘জালিয়াত’, ‘ফরিয়াদ’, ‘রক্ত শপথ’, ‘চরিত্রহীন’, ‘জয় পরাজয়’, ‘অঙ্গার’, ‘মিন্টু আমার নাম’, ‘ফকির মজনু শাহ’, ‘মধুমিতা’, ‘অশান্ত ঢেউ’, ‘অলংকার’, ‘অনুরাগ’, ‘প্রতিজ্ঞা’, ‘তরুলতা’, ‘গাঁয়ের ছেলে’, ‘পুত্রবধূ’সহ চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

    নান্দনিক অভিনয়ের জন্য বরাবরই প্রশংসিত প্রবীর মিত্র। কিন্তু দীর্ঘ ক্যারিয়ারে তার পুরস্কার ভাগ্য প্রসন্ন নয়। কেবল ‘বড় ভালো লোক ছিল’ সিনেমার জন্য শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। পরবর্তীতে ২০১৮ সালে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা দেওয়া হয়। শারীরিক অসুস্থতার জন্য বেশ কয়েক বছর ধরে অভিনয়ে অনিয়মিত তিনি। এসময় ঘর বন্দিই কাটছিল তার দিন-রাত।

  • আজহারীর মাহফিলে খোয়া গেল অসংখ্য স্বর্ণালংকার-মোবাইল, থানায় জিডির হিড়িক

    আজহারীর মাহফিলে খোয়া গেল অসংখ্য স্বর্ণালংকার-মোবাইল, থানায় জিডির হিড়িক

    যশোরে ড. মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে গিয়ে অসংখ্য মানুষের মোবাইল ফোন ও স্বর্ণালংকার খোয়া গেছে।শুক্রবার (৩ জানুয়ারি) রাতে শহরতলী পুলেটহাটস্থ আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর ও আশপাশ এলাকায় এই ঘটনা ঘটেছে।

    ঘটনার পর থেকে যশোর কোতয়ালী মডেল থানায় ভুক্তভোগীরা জিডি করতে রীতিমতো লাইন ধরেছেন। থানা সংশ্লিষ্টরা বলছেন, শনিবার বেলা তিনটা পর্যন্ত মাহফিলে মোবাইল ও স্বর্ণালংকার খোয়া যাওয়ার ঘটনায় ৩ শত জিডি হয়েছে। প্রতিনিয়ত যেভাবে জিডি করতে ভুক্তভোগীরা থানায় আসছেন তাতে এই সংখ্যা কয়েকগুণ বাড়বে বলে জানিয়েছে পুলিশ।

    যশোর শহরতলী পুলেরহাটস্থ আদ্-দ্বীন ফাউন্ডেশন আয়োজিত তিনদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শেষদিন ছিল শুক্রবার। এ দিন রাতে বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতিমান বক্তা মিজানুর রহমান আজহারী। তার আসার খবরে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে সমগ্র মাহফিল এলাকায়। শুক্রবার সকালে থেকেই শীত উপেক্ষা করে মানুষ জমায়েত হয়। বিকেল থেকে মাহফিল স্থান ছাপিয়ে সড়ক, মহাসড়কেও শিশু, নারী, পুরুষের ঢল নামে। দুপুরের পর সড়কে যানজট দেখা দেয়। এজন্য অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছায়। সব সড়কের ঢেউ গিয়ে মিশে পুলেরহাটে। মাহফিল প্রাঙ্গণে পাঁচ থেকে সাত লাখ মানুষের সমাগম ঘটে।

    Jashore pic-1

    রাত সাড়ে ১০ টার পর মাহফিল শেষ হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে পদদলিত হয়ে একাধিক ব্যক্তি মারা যাওয়ার খবর। আহতের সংখ্যাও অর্ধশতাধিক। এছাড়া মোবাইল, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র খোয়া যাওয়ার খবর।

    হাসপাতাল ও থানা সূত্রে জানা গেছে, যশোর জেনারেল হাসপাতালে পদদলিত হয়ে ২১ জন ভর্তি হওয়ার খবর জানা গেছে। এর মধ্যে রাতেই ১০ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। আর ১১ জনের অবস্থা গুরুতর হওয়াতে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    শুক্রবার গভীর রাত থেকে শনিবার বেলা তিনটা পর্যন্ত স্বর্ণালংকার ও মোবাইল খোয়া যাওয়ার ঘটনায় তিনশ’ জিডি হয়েছে বলে জানিয়েছেন যশোর কোতয়ালী মডেল থানার ডিউটি অফিসার শারমিন আক্তার।

    তিনি বলেন, ‘শুক্রবার রাত থেকে অসংখ্য মানুষ মোবাইল হারিয়ে যাওয়া বা চুরির ঘটনায় জিডি করতে আসে। তাৎক্ষণিক যারা মোবাইলের ডকুমেন্ট দেখাতে পেরেছে তারা জিডি করতে পেরেছে। আর শনিবার সকাল থেকে রীতিমতো ভিড় লেগেছে। কয়েক হাজার জিডি হতে পারে বলে তিনি ধারণা করছেন।

    মায়ের দেড় ভরি ওজনের একটি গলার হার খোয়া যাওয়ার পর শনিবার দুপুরে জিডি করতে এসেছেন সদরের রুপদিয়া থেকে ইব্রাহিম হোসেন। তিনি বলেন, ‘আমরা মা মহিলা প্যান্ডেলে বসে আজহারী হুজুরের ওয়াজ শুনছিলেন। এক পর্যায়ে গলায় হাত দিয়ে দেখেন তার গলায় হার নেই। তাই থানায় জিডি করতে এসেছি।’

    বউয়ের গলার চেইন হারিয়ে যাওয়ার পর থানায় জিডি করতে আসেন শহরতলী নওয়াপাড়া এলাকার বাসিন্দা হয়রত হোসেন। তিনি বলেন, ‘এভাবে ওয়াজ মাহফিলে চুরি হওয়ার ঘটনা দুঃখজনক এবং অপরাধমূলক কাজ। লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে গতকাল। চোররাও এ ধরনের অনুষ্ঠানে সুযোগটা কাজে লাগায়। কর্তৃপক্ষের আরও সর্তক ও ব্যবস্থাপনা ভালো করা উচিত ছিল। আর আমাদেরও সচেতন হওয়া উচিত ছিল, ব্যাপক সমাগম স্থানে দামি দামি জিনিসপত্র পরিধান ও নিয়ে যাওয়া উচিত হয়নি।’

    jd-1.width-750

    শহরের বেজপাড়া এলাকার বাসিন্দা এনামুল হক বলেন, ‘যশোরের ইতিহাসে এমন বড় মাহফিল হয়নি। ওয়াজ মাহফিলে গেছিলাম ইমান আমল ঠিক করতে। আর চোরেরা তাদের ব্যবসা খুঁজে নিলো। হাজার হাজার মানুষের মোবাইল হারিয়ে যাওয়ার খবর শুনেছি মাহফিলের মাঠেই। অনেকেই দূরদূরান্ত থেকে এসেছে, তাই জিডি করতে কাগজপত্র দেখাতে না পারায় জিডি করতে পারছে না। যারা চুরির মতো এ ধরনের কাজ করছে মাহফিলে; তারা মাহফিলের সৌন্দর্য নষ্ট করেছে। তাদের বিচার হওয়া উচিত।’

    যশোর কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘তিনদিন ব্যাপী বৃহৎ মাহফিল হয়েছে যশোরে। পাঁচ থেকে সাত লক্ষ মানুষ সমাগম হয়েছে। এর ভিতরে অসংখ্য মানুষের মোবাইল, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র হারিয়ে যাওয়ার খবর পেয়েছি। অনেকেই জিডি করছেন। কয়েকটি চুরির অভিযোগও পেয়েছি। পুলিশ ব্যবস্থা নিচ্ছে।

    তিনি বলেন, ‘মাহফিলে আহত বা মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। মাহফিলে পদদলিত হয়ে মারা যাওয়ার কোন ঘটনা ঘটেনি। ফলে মৃত্যু নিয়ে গুজব না ছড়ানোর অনুরোধ করেন পুলিশের এই কর্মকর্তা।’

    প্রসঙ্গত, গত পহেলা জানুয়ারি বুধবার থেকে তিনদিন ব্যাপী এই মাহফিল শুরু হয়। মাহফিলের প্রথম দিন বুধবার আলোচনা করেন আল্লামা মামুনুল হক ও আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ। বৃহস্পতিবার দ্বিতীয় দিন আলোচনা করেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী ও মুফতি আমির হাজমা। শেষদিন শুক্রবার আলোচনা করেন শায়খ আহমাদুল্লাহ ও ড. মিজানুর রহমান আজহারী।

  • ভারতে প্রশিক্ষণে যাচ্ছেন ৫০ বিচারক

    ভারতে প্রশিক্ষণে যাচ্ছেন ৫০ বিচারক

    ভারতের ভূপালে অবস্থিত ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি এবং স্টেট জুডিসিয়াল একাডেমিতে প্রশিক্ষণের জন্য অধস্তন আদালতের ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাদের অনুমতি দেওয়া হয়েছে।সুপ্রিম কোর্টের পরামর্শের প্রেক্ষিতে এই অনুমতি দেয় আইন মন্ত্রণালয়। প্রশিক্ষণের জন্য সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাদের মনোনয়ন দেওয়া হয়েছে। এসব বিচার বিভাগীয় কর্মকর্তারা আগামী ১০ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত প্রশিক্ষণে অংশ নেবেন।

    আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের দেয়া এই সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের পরামর্শের প্রেক্ষিতে আগামী ১০ থেকে ২০ ফেব্রুয়ারি ভারতের ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি ভূপাল এবং একটি স্টেট জুডিসিয়াল একাডেমিতে অনুষ্ঠেয় প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাককে অনুমতি দেওয়া হলো।

    প্রশিক্ষণের যাবতীয় ব্যয় ভারত সরকার বহন করবে। এতে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংশ্লিষ্টতা নেই। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপসচিব (প্রশিক্ষণ) ড. আবুল হাসানাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কথা বলা হয়েছে।

  • বিদায় বেলা ইরানে হামলার পরিকল্পনা বাইডেনের

    বিদায় বেলা ইরানে হামলার পরিকল্পনা বাইডেনের

    বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা করছেন। শুধু পরিকল্পনাই নয়, প্রস্তুতিও নিতে শুরু করেছেন। ‘ওয়াশিংটন টাইমস’ ও মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’ এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

    প্রতিবেদনে বলা হয়েছে, ইরান পরমাণু অস্ত্র ব্যবহার শুরু করলে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কী হতে পারে, মুলত তা নিয়েই প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।

    এদিকে মার্কিন হামলায় ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলাইমানির হত্যার পঞ্চম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় যুক্তরাষ্ট্রকে পরাজিত করার হুঁশিয়ারি দিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

    ২০২০ সালের ৩ জানুয়ারি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের বিপ্লবী গার্ডের প্রধান কাসেম সোলাইমানি এবং ইরাকি মিলিশিয়া নেতা আবু মাহদি আল-মুহানদিস। এই হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ হিসেবে আখ্যা দিয়েছে ইরান।

    তেহরানে আয়েজিত এক সমাবেশে যুক্তরাষ্ট্রের নীতির তীব্র সমালোচনা করে তাদের শোষণমূলক আচরণের বিরোধীতা করেন পেজেশকিয়ান। এ ছাড়াও তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র বিশ্বের দুর্বল দেশগুলোকে নিরবে শোষণ করে নিজেদের আধিপত্য বজায় রেখেছে। তিনি মার্কিনীদের পরাজিত করারও হুঁশিয়ারি দিয়েছেন।

    সমাবেশে উপস্থিত ছিলেন বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি-ইজেই এবংপার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফসহ শীর্ষ নেতারা।

    পেজেশকিয়ান বলেছেন, সোলাইমানির হত্যা প্রমাণ করে বিশ্বে মানবাধিকারের অন্যতম দাবিদার যুক্তরাষ্ট্র কতটা অমানবিক। ইরান সব সময় সত্যের পক্ষে থাকবে এবং আমরা এই পথে তাদের পরাজিত করবো।

    এদিকে ইরানের প্রেসিডেন্টের হুঁশিয়ারির মুখে এরই মধ্যে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস জানিয়েছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান প্রেসিডেন্ট বাইডেনকে বিভিন্ন পরিকল্পনার কথা জানালেও বৈঠকে এখনো পর্যন্ত ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার কোনো অনুমোদন দেওয়া হয়নি।

    তবে এরই মধ্যে ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র বলে দাবি অ্যাক্সিওসের।