গাইবান্ধায় সড়ক অবরোধ করে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর বিক্ষোভ মৌ হিজড়ার মামলা প্রত্যাহার ও রানা ওরফে রানীর বিরুদ্ধে ব্যবস্থা দাবি
গাইবান্ধায় তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর গুরুমাতা মৌ হিজড়ার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং রানা ওরফে রানী হিজড়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠী উন্নয়ন সংস্থা, গাইবান্ধা জেলা-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে শতাধিক তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর সদস্য অংশ নেন। তারা ব্যানার ও ফেস্টুন নিয়ে শহরের সড়কে অবস্থান নেন এবং বিভিন্ন স্লোগান দেন।
কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, রংপুর সদর থানার রানা ওরফে রানী হিজড়া গাইবান্ধার গুরুমাতা মৌ হিজড়া ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে হয়রানিমূলক ও ভিত্তিহীন মামলা করেছেন। পাশাপাশি তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর সদস্যদের ভয়ভীতি দেখানো এবং জীবননাশের হুমকি দেওয়ার অভিযোগও তোলেন তারা।
বক্তারা বলেন, মৌ হিজড়ার বিরুদ্ধে দায়ের করা মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে রানা ওরফে রানীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
দাবি বাস্তবায়ন না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
পরে বিক্ষোভকারীরা গাইবান্ধা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এরপর গানাসাসে সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর নেতৃবৃন্দ বক্তব্য দেন। পরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি শেষ হয়।
তবে এসব অভিযোগের বিষয়ে রানা ওরফে রানী হিজড়ার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
নিজস্ব প্রতিবেদক 
















