
গোবিন্দগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত।
“মাদককে না বলুন, ক্রীড়াকে হ্যাঁ বলুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাগের ভিটা ফুটবল খেলার মাঠে সোমবার অনুষ্ঠিত হয়েছে “শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬” এর ফাইনাল খেলা।
ফাইনাল খেলায় অংশগ্রহণ করে বাংলা হিলি ফুটবল একাদশ ও ভাই ব্রাদার্স দল। খেলাটি ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। মাঠজুড়ে ছিল হাজারো দর্শকের উপস্থিতি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার (লিংকন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক কবির আহমদ এবং সাবেক ফুটবলার ও বিশিষ্ট সমাজসেবক এস.এম গোলাম মোস্তফা সাজু।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও গোবিন্দগঞ্জ ব্যবসায়ী শিল্প মালিক সমিতির সভাপতি সানোয়ার হোসেন দিপু, উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কোচাশহর ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম জাহিদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহিদুর রহমান রানক, ইউনিয়ন বিএনপির সভাপতি মাহাতাব উদ্দিন সওদাগর, সমাজসেবক জাকির হোসেন জুয়েল, সাবেক পুলিশ কর্মকর্তা এ.কে.এম রাহেনুল ইসলাম জুয়েল, জাহিদুল ইসলাম, আবু তারেক চুন্নুসহ রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনের বিভিন্ন ব্যক্তিবর্গ।
টুর্নামেন্টের আয়োজক এস.এম গোলাম নবী জুয়েল বলেন, “যুব সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি সকল ক্রীড়াপ্রেমী দর্শকদের মাঠে এসে খেলাধুলা উপভোগ ও তরুণদের উৎসাহিত করার আহ্বান জানান।
গাইবান্ধা প্রতিনিধি 









