গাইবান্ধায় স্কুল মাঠে বালু মজুদের অভিযোগ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ
গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্য বাগুড়িয়া যুব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অবৈধভাবে বালু উত্তোলন করে মজুদ করে রাখার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের মাঠে দীর্ঘদিন ধরে বালু মজুদ করে রাখায় শিক্ষার্থীদের স্বাভাবিক খেলাধুলা ও শারীরিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এমনকি মাঠে পর্যাপ্ত জায়গা না থাকায় শিক্ষার্থীরা নিয়মিত পিটি-প্যারেডও করতে পারছে না।
স্থানীয়রা জানান, বিদ্যালয়ের মাঠ শিক্ষার্থীদের খেলাধুলা ও শরীরচর্চার জন্য ব্যবহারের কথা থাকলেও সেখানে বালু মজুদ করে রাখায় মাঠের বড় একটি অংশ ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। এতে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ তাদের।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরে জান্নাত তহুরা নাজনীনের কাছে জানতে চাইলে তিনি বলেন, “আমি এ বিষয়ে কিছুই জানি না এবং বলবও না। আপনারা আসতে পারেন।”
অভিযোগের বিষয়ে গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লক্ষণ কুমার দাস বলেন, “৫ দিনের মধ্যে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
নিয়াম শেখ গাইবান্ধা প্রতিনিধি 


















