গাইবান্ধায় ইয়াবা-হেরোইনসহ দুই যুবক আটক
গাইবান্ধা সদর উপজেলার পলাশপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ পুরিয়া হেরোইনসহ দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গাইবান্ধা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পলাশপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
আটকরা হলেন—পলাশপাড়া এলাকার মো. নুরুল ইসলামের ছেলে সুমন মিয়া (৩৩) এবং একই এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে মো. আরিফুল (৩২)।
পুলিশ সূত্রে জানা যায়, গাইবান্ধার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবি পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে পলাশপাড়া এলাকার একটি টিনশেড বাড়ির শয়নকক্ষে অভিযান চালিয়ে ওই দুই যুবককে আটক করা হয়।
পুলিশের দাবি, আটকের সময় সুমন মিয়ার পরিহিত জিন্স প্যান্টের সামনের বাম পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ৫১ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। একইভাবে আরিফুলের পরিহিত গ্যাভাডিন প্যান্টের সামনের বাম পকেট থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার করা মাদকদ্রব্যগুলো উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় গাইবান্ধা সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদক 

















