সুন্দরগঞ্জে শিয়ালের হামলায় নারী-শিশুসহ আহত ৯
সুন্দরগঞ্জে লোকালয়ে ঢুকে শিয়ালের হামলা, নারী-শিশুসহ আহত ৯
গাইবান্ধার সুন্দরগঞ্জে লোকালয়ে ঢুকে একটি শিয়ালের হামলায় নারী ও শিশুসহ ৯ জন আহত হয়েছেন। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ী ও তালুক বেলকা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে হঠাৎ একটি শিয়াল বন-জঙ্গল থেকে লোকালয়ে প্রবেশ করে। এরপর রাস্তায় চলাচলকারী ও বাড়ির আশপাশে থাকা লোকজনের ওপর একের পর এক হামলা চালাতে থাকে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিয়ালের ভয়ে নারী-শিশুরা নিরাপদ স্থানে আশ্রয় নিতে ছোটাছুটি শুরু করেন।
একপর্যায়ে স্থানীয়রা দলবদ্ধ হয়ে শিয়ালটিকে ধাওয়া করলে সেটি বিভিন্ন স্থানে পালানোর চেষ্টা করে। পরে গ্রামবাসী শিয়ালটিকে পিটিয়ে মেরে ফেলেন।
শিয়ালের হামলায় আহতরা হলেন—জিগাবাড়ী গ্রামের রাবেয়া বেগম, তার ১৩ বছর বয়সী ছেলে রাকিবুল হাসান, এনামুল হক, ৩ বছর বয়সী আয়শা আক্তার ও ৭ বছর বয়সী হাসান মিয়া। এছাড়া তালুক বেলকা গ্রামের নিলি বেগম, ৭০ বছর বয়সী সাদেক হোসেন, আফরুজা বেগম ও ৬ বছর বয়সী শাওন মিয়া আহত হয়েছেন।
ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের জরুরি চিকিৎসা দেওয়া হয়।
সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান জানান, শিয়ালের কামড়ে আহত ৯ জনকে হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের ক্ষতস্থানে প্রাথমিক চিকিৎসার পাশাপাশি জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন দেওয়া হয়েছে। বর্তমানে তারা চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
গাইবান্ধা প্রতিনিধি 


















