Blog

  • গাইবান্ধার বল্লমঝাড়ে শিশু কুলসুম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

    গাইবান্ধার বল্লমঝাড়ে শিশু কুলসুম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

    গাইবান্ধার বল্লমঝাড়ে শিশু কুলসুম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
    গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় এলাকায় চাঞ্চল্যকর শিশু কুলসুম হত্যা মামলার প্রধান আসামি মোঃ ইব্রাহিম হাসান লিমন শেখ (২১) কে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাইবান্ধা সদর থানার খামার বল্লমঝাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
    র‌্যাব-১৩ সূত্রে জানা যায়, নিহত কুলসুম সর্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। তার মা মোছা. রেজিনা বেগম মানুষের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন। নিহত কুলসুমের পরিবারের বাড়ির পাশেই অভিযুক্ত লিমনের বাড়ি। তিনি প্রায়ই কুলসুমকে উত্যক্ত ও কুপ্রস্তাব দিতেন বলে অভিযোগ রয়েছে।
    গত ২৪ নভেম্বর ২০২৫ তারিখে প্রতিবেশীরা কুলসুমকে ঘরের ভেতর বাঁশের ধরনার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখে উদ্ধার করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠায়। এ ঘটনায় প্রথমে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়।
    তবে ময়নাতদন্তের প্রতিবেদনে কুলসুমকে শ্বাসরোধ করে হত্যার বিষয়টি উঠে আসে। পরে ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছিল বলে জানা যায়। এরপর নিহতের মা বাদী হয়ে গত ১৩ মে ২০২৬ তারিখে গাইবান্ধা সদর থানায় পেনাল কোডের ৩০২/৩৪ ধারায় হত্যা মামলা দায়ের করেন।
    র‌্যাব জানায়, ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে আসামিদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামিকে মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করা সম্ভব হয়।
    গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১৩।

  • গাইবান্ধায় গণযোগাযোগ অধিদপ্তরের বহুমুখী প্রচার কার্যক্রমের আওতায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

    গাইবান্ধায় গণযোগাযোগ অধিদপ্তরের বহুমুখী প্রচার কার্যক্রমের আওতায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

    গাইবান্ধায় গণযোগাযোগ অধিদপ্তরের বহুমুখী প্রচার কার্যক্রমের আওতায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

    গাইবান্ধায় গণযোগাযোগ অধিদপ্তরের বহুমুখী প্রচার কার্যক্রমের আওতায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) বেলা সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
    প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মুশফিকুর রহমান এবং জেলা তথ্য কর্মকর্তা ইশতিয়াক আহমাদ আবীর। এছাড়াও জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
    ব্রিফিংয়ে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি উন্নত, সমৃদ্ধ ও বৈষম্যহীন রাষ্ট্র গঠন, তথ্য অধিকার নিশ্চিতকরণ, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ এবং দুর্নীতিবিরোধী কার্যক্রম বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
    এসময় সরকারের চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও জনকল্যাণমূলক কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের অবহিত করা হয় এবং গণমাধ্যমের মাধ্যমে এসব তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়।

  • অনির্দিষ্টকালের কলম বিরতিতে গাইবান্ধার দলিল লেখকরা

    অনির্দিষ্টকালের কলম বিরতিতে গাইবান্ধার দলিল লেখকরা

    অনির্দিষ্টকালের কলম বিরতিতে গাইবান্ধার দলিল লেখকরা
    গাইবান্ধা সদর সাব-রেজিস্ট্রি অফিসে চাঁদাবাজি, হুমকি ও মব সন্ত্রাসের অভিযোগে অনির্দিষ্টকালের জন্য কলম বিরতির ঘোষণা দিয়েছেন দলিল লেখকরা। এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সদর সাব-রেজিস্ট্রি অফিস দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মল্লিক।
    অভিযোগ সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে দলিল লেখকদের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল। গত ৯ মে সন্ধ্যায় গাইবান্ধা পুরাতন জেলখানা মোড়ে সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মল্লিকের পথরোধ করে প্রতি দলিলের বিপরীতে টাকা দাবি করা হয়। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
    অভিযোগে আরও বলা হয়, পরদিন ১০ মে দুপুরে গাইবান্ধা সদর সাব-রেজিস্ট্রি অফিসের মূল ফটকের সামনে মানববন্ধনের নামে অবস্থান নেয় অভিযুক্তরা। এসময় তারা জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করে এবং দলিল লেখকদের বিরুদ্ধে কটূক্তি ও গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে অফিসের গেটে লাথি মারা, ভয়ভীতি প্রদর্শন, হত্যার হুমকি এবং মোস্তাফিজুর রহমান মল্লিককে টানাহেঁচড়া করে লাঞ্ছিত করা হয় বলেও অভিযোগ ওঠে।
    ঘটনার সময় উপস্থিত অন্যান্য দলিল লেখক ও স্থানীয় সংবাদকর্মীদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে খবর পেয়ে গাইবান্ধা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা সেখান থেকে সরে যায়।
    এ ঘটনার প্রতিবাদে এবং নিরাপত্তা নিশ্চিতের দাবিতে গাইবান্ধা সদর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখকরা অনির্দিষ্টকালের জন্য কলম বিরতির ঘোষণা দেন। ফলে দলিল সংক্রান্ত সেবা কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে এবং সাধারণ সেবাগ্রহীতারা চরম ভোগান্তিতে পড়েছেন।
    দলিল লেখক সমিতির নেতারা জানান, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত তাদের কর্মবিরতি অব্যাহত থাকবে।
    এ বিষয়ে গাইবান্ধা সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সুন্দরগঞ্জে হেরোইনসহ ভাই-বোন গ্রেফতার

    সুন্দরগঞ্জে হেরোইনসহ ভাই-বোন গ্রেফতার

    সুন্দরগঞ্জে হেরোইনসহ ভাই-বোন গ্রেফতার


    ‎গাইবান্ধার সুন্দরগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নাহিয়ান মুনসীফের নেতৃত্বে পরিচালিত মাদকদ্রব্যবিরোধী অভিযানে ৩.৫০ গ্রাম হেরোইনসহ আপন ভাই-বোনকে গ্রেফতার করা হয়েছে।
    ‎মঙ্গলবার (১২ মে) সকাল ১০টার দিকে সুন্দরগঞ্জ থানার থানা পাড়া এলাকায় ওয়ালটন শো-রুমের দক্ষিণ পাশে একটি চা-বিস্কুটের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।
    ‎অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সুন্দরগঞ্জ থানা পুলিশের সমন্বয়ে গঠিত রেইডিং টিম অংশ নেয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোছা. হাছিনা আকতার (৩০) ও তার ভাই মো. জাকিরুল ইসলাম হৃদয়কে (২০) আটক করা হয়।
    ‎পরে হাছিনা আকতারের হাতে থাকা Royals ব্র্যান্ডের খালি সিগারেটের প্যাকেটের ভেতর থেকে পলিথিনে মোড়ানো ৩.৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩৫ হাজার টাকা।
    ‎অভিযান শেষে ঘটনাস্থলেই আলামত জব্দ, নমুনা সংগ্রহ ও সিলগালা করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ৮(ক)/৪১ ধারায় সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
    ‎মামলার তদন্ত কার্যক্রম পরিচালনা করবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, গাইবান্ধা।

  • গাইবান্ধা সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ

    গাইবান্ধা সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ

    গাইবান্ধা সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ
    গাইবান্ধা প্রতিনিধি:
    গাইবান্ধা জেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দীর্ঘদিন ধরে চলা দুর্নীতি, অনিয়ম ও একটি তথাকথিত ‘অনির্বাচিত কমিটি’র মাধ্যমে সাধারণ জমি ক্রেতা-বিক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন সচেতন নাগরিকরা।
    মঙ্গলবার দুপুরে গাইবান্ধা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা অভিযোগ করেন, ২০০৯ সাল থেকে দলিল লেখক সমিতির তথাকথিত সাধারণ সম্পাদক মোস্তামল্লিকের নেতৃত্বে একটি সিন্ডিকেট সাধারণ মানুষকে জিম্মি করে অবৈধভাবে অর্থ আদায় করে আসছে।
    বক্তারা আরও বলেন, জাল স্ট্যাম্প ব্যবহার, পে-অর্ডার জালিয়াতি এবং সমিতির নামে সরকারি নিয়মের তোয়াক্কা না করে অতিরিক্ত চাঁদা আদায়ের মতো গুরুতর অভিযোগ রয়েছে এই চক্রের বিরুদ্ধে। বর্তমানে কোনো বৈধ কমিটি না থাকলেও প্রতি দলিলে ৬ থেকে ৮ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। অভিযোগ অনুযায়ী, এই অবৈধ আদায়ের মাসিক পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা।
    মানববন্ধনে বক্তারা অবিলম্বে গাইবান্ধা সাব-রেজিস্ট্রার অফিসে সকল প্রকার নিয়মবহির্ভূত অর্থ লেনদেন বন্ধ, তথাকথিত অনির্বাচিত কমিটির কার্যক্রম নিষিদ্ধ এবং দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।
    পরে মানববন্ধনকারীরা রেজিস্ট্রি অফিসের সামনের সড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন। এতে শহরের বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা

  • গোবিন্দগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত।

    গোবিন্দগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত।

    গোবিন্দগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত।

    “মাদককে না বলুন, ক্রীড়াকে হ্যাঁ বলুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাগের ভিটা ফুটবল খেলার মাঠে সোমবার অনুষ্ঠিত হয়েছে “শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬” এর ফাইনাল খেলা।
    ফাইনাল খেলায় অংশগ্রহণ করে বাংলা হিলি ফুটবল একাদশ ও ভাই ব্রাদার্স দল। খেলাটি ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। মাঠজুড়ে ছিল হাজারো দর্শকের উপস্থিতি।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার (লিংকন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক কবির আহমদ এবং সাবেক ফুটবলার ও বিশিষ্ট সমাজসেবক এস.এম গোলাম মোস্তফা সাজু।
    এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও গোবিন্দগঞ্জ ব্যবসায়ী শিল্প মালিক সমিতির সভাপতি সানোয়ার হোসেন দিপু, উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কোচাশহর ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম জাহিদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহিদুর রহমান রানক, ইউনিয়ন বিএনপির সভাপতি মাহাতাব উদ্দিন সওদাগর, সমাজসেবক জাকির হোসেন জুয়েল, সাবেক পুলিশ কর্মকর্তা এ.কে.এম রাহেনুল ইসলাম জুয়েল, জাহিদুল ইসলাম, আবু তারেক চুন্নুসহ রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনের বিভিন্ন ব্যক্তিবর্গ।
    টুর্নামেন্টের আয়োজক এস.এম গোলাম নবী জুয়েল বলেন, “যুব সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
    তিনি সকল ক্রীড়াপ্রেমী দর্শকদের মাঠে এসে খেলাধুলা উপভোগ ও তরুণদের উৎসাহিত করার আহ্বান জানান।

  • গাইবান্ধায় দুদকের পরিচয়ে প্রতারনার অভিযোগ আটক ১

    গাইবান্ধায় দুদকের পরিচয়ে প্রতারনার অভিযোগ আটক ১

    গাইবান্ধায় দুদকের পরিচয়ে প্রতারনার অভিযোগ আটক ১

    দুদকের শুনানীকে কেন্দ্র করে গাইবান্ধায় সক্রিয় হয়ে উঠেছে প্রতারক চক্র। দুদকের শুনানীর আগের দিন রবিবার সকালে দুদকের সোর্স পরিচয়ে প্রতারনার অভিযোগে গাইবান্ধা জেলা অ্যাকাউন্টস অ্যন্ড ফিন্যান্স অফিস থেকে এক প্রতারককে আটক করা হয়েছে।

    জেলা অ্যকাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার খন্দকার মাহাতাব আলী জানান, রবিবার সকালে আটককৃত জাফরুল্লাহ অ্যকাউন্টস অফিসের অফিসে এসে অডিটর কৌশিককে খোজাখুজি করেন এবং অফিস সহায়ক লিমার কাছে  অডিটর কৌশিকের মোবাইল নম্বর চেয়ে নেন।তিনি নিজেকে দুদকের সোর্স পরিচয়ে অ্যাকাউন্টস অফিসের অডিটর কৌশিককে অফিসের বাইরে ডেকে নেয়। পরে দুদকের কর্মকর্তা পরিচয়দানকারী এক ব্যক্তির সাথে মোবাইলে কৌশিকের সঙ্গে কথা বলে দেন। এসময় মোবাইলে থাকা দুদকের অজ্ঞাত কর্মকর্তা পরিচয় দেয়া ব্যক্তি কৌশিককে বলেন, তার বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ আছে। বিষয়টি সমাধানের জন্য জাফরুল্লাহর সাথে কথা বলতে বলেন- তিনি। পরে সন্দেহ হলে দুদকের সোর্স পরিচয় দেয়া জাফরুল্লাহকে অ্যাকাউন্টস অফিসে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজেকে কখনো রংপুর কখনো দিনাজপুরের বাসিন্দা দাবী করে একেকবার একেক রকম পরিচয় দেন। পরে ভোটার আইডি কার্ডে দেখা যায় জাফরুল্লাহ ঠাকুরগাঁও সদর উপজেলার বড় গাঁ গ্রামের বাসিন্দা।  বিষয়টি তাৎক্ষনিক জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা, পুলিশ ও দুদকের কর্মকর্তাকে অবগত করা হয়।

    খবর পেয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয় রংপুরের সহকারী পরিচালক একেএম নুর আলম সিদ্দিক জেলা অ্যাকাউন্টস অফিসে আসেন এবং সোর্স পরিচয় দেয়া জাফরুল্লাহকে জিজ্ঞাসাবাদ করেন। তিনি সাংবাদিকদের বলেন, আগামীকাল সোমবার (১১ মে) গাইবান্ধায় দুদকের গণশুনানী অনুষ্ঠিত হবে। এই গণ শুনানীকে টার্গেট করে একটি চক্র প্রতারনা কৌশলে অনৈতিক সুবিধা নেয়ার চেষ্টা করছে বলে ধারনা করেন তিনি। বিষয়টি দুদকের উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

  • গাইবান্ধায় নতুন কুঁড়ি স্পোর্টসের পুরস্কার বিতরণ

    গাইবান্ধায় নতুন কুঁড়ি স্পোর্টসের পুরস্কার বিতরণ

    গাইবান্ধায় নতুন কুঁড়ি স্পোর্টসের পুরস্কার বিতরণ

    যুব সমাজকে ক্রীড়ামুখী, শৃঙ্খলাবদ্ধ ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গাইবান্ধায় অনুষ্ঠিত হলো  “নতুন কুঁড়ি স্পোর্টস”-এর বর্ণাঢ্য পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান।

    শনিবার (০৯ মে) বিকেলে গাইবান্ধা জেলা ইনডোর স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরো স্টেডিয়ামজুড়ে ছিল উৎসবমুখর, প্রাণচাঞ্চল্যে ভরপুর তরুণ-তরুণীদের উপস্থিতি।

    মার্শাল আর্ট, দাবা, কাবাডি, সাঁতার, ক্রিকেট, ফুটবল, অ্যাথলেটিক্স ও ব্যাডমিন্টনসহ বিভিন্ন ইভেন্টে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। তিনি বলেন, খেলাধুলা শুধু শরীরচর্চা নয়, এটি একজন মানুষকে শৃঙ্খলাবদ্ধ, আত্মবিশ্বাসী ও নেতৃত্বগুণসম্পন্ন করে গড়ে তোলে। তরুণদের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গড়তে ক্রীড়ার কোনো বিকল্প নেই।

  • গোপালগঞ্জ শহরে ‘বিয়ের ফাঁদে’ প্রতারণার অভিযোগ, ভুক্তভোগীদের

    গোপালগঞ্জ শহরে ‘বিয়ের ফাঁদে’ প্রতারণার অভিযোগ, ভুক্তভোগীদের

    গোপালগঞ্জ শহরে ‘বিয়ের ফাঁদে’ প্রতারণার অভিযোগ, ভুক্তভোগীদের

     

    কঠোর শাস্তির দাবি

    Gopalganj শহরে ধনাঢ্য ও প্রবাসী যুবকদের টার্গেট করে সংঘবদ্ধ প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযুক্ত মিষ্টি ও নুর আলম প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ করেছেন একাধিক ভুক্তভোগী।

    অভিযোগ অনুযায়ী, অভিযুক্তদের বাড়ি গোপালগঞ্জের বোনগ্রাম এলাকায়। মিষ্টি আহাম্মেদ কাজীর মেয়ে এবং নুর আলম শহীদ সাহেবের ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তারা গোপালগঞ্জ শহরের নিচুপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে এই প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করছেন বলে অভিযোগ উঠেছে।

    ভুক্তভোগীদের দাবি, প্রথমে টার্গেট করা ব্যক্তিদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলা হয়। পরে বিয়ের আশ্বাস, সামাজিক চাপ ও নানা কৌশল ব্যবহার করে জোরপূর্বক বিয়ের মতো পরিস্থিতি তৈরি করা হয়। বিয়ের পর শুরু হয় মানসিক ও শারীরিক নির্যাতন এবং বিভিন্নভাবে অর্থ আদায়।

    অভিযোগ রয়েছে, মালয়েশিয়া প্রবাসী রতন মিয়ার সঙ্গে একই কৌশলে বিয়ে করে তার কাছ থেকে লাখ লাখ টাকা নেওয়া হয়েছে। এমনকি রতন মিয়ার অর্থ দিয়ে নুর আলমের জন্য প্রায় ৬ লাখ টাকার একটি মোটরসাইকেলও কেনা হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

    এছাড়াও, গোপালগঞ্জ সদর এলাকার ছনেট নামের এক যুবকের কাছ থেকে প্রায় ৫ লাখ টাকা এবং Tungipara এলাকার সোহাগ নামের আরেক যুবকের কাছ থেকে প্রায় ৩ লাখ টাকা প্রতারণার মাধ্যমে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

    ভুক্তভোগীরা জানান, একই কৌশলে আরও কয়েকজনকে টার্গেট করা হয়েছে বলে তাদের ধারণা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    ভুক্তভোগীরা প্রশাসনের কাছে দ্রুত তদন্তের মাধ্যমে অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি সাধারণ মানুষকে এ ধরনের প্রতারণার ফাঁদ থেকে সতর্ক থাকার আহ্বানও জানিয়েছেন তারা।

  • গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় মাদকবিরোধী অভিযানে আমজাদ হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ

    গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় মাদকবিরোধী অভিযানে আমজাদ হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ

    গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় মাদকবিরোধী অভিযানে আমজাদ হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার দক্ষিণ বুড়াইল গ্রামের মৃত আব্বাস ব্যাপারীর ছেলে।
    শুক্রবার ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদার নির্দেশনায় থানার একটি চৌকস টিম অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকা জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।
    ফুলছড়ি থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বুড়াইল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আমজাদ হোসেনকে আটক করা হলে তার কাছে থাকা গাঁজা ও বিক্রির টাকা উদ্ধার করা হয়।
    ফুলছড়ি থানার ওসি দুরুল হোদা বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।