গাইবান্ধায় প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা নেওয়ার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগের জন্য অনুষ্ঠিত ৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষার লিখিত ধাপে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা দ্রুত শুরু এবং নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এ স্মারকলিপি পাঠানো হয়।
স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বলেন, বিষয়টি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যথাযথভাবে পাঠিয়ে দেওয়া হবে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দেশের শিক্ষা ব্যবস্থার সিংহভাগই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল। কিন্তু যোগ্য ও স্থায়ী প্রতিষ্ঠান প্রধানের অভাবে বর্তমানে দেশের প্রায় ১২ হাজার ৯৫১টিরও বেশি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। স্থায়ী প্রধান না থাকায় ভারপ্রাপ্ত শিক্ষকদের মাধ্যমে প্রতিষ্ঠান পরিচালনা করতে হচ্ছে, যা সরকারের ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের লক্ষ্য বাস্তবায়নে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।
এ পরিস্থিতি নিরসনে চলতি বছরের ১৮ এপ্রিল ৮ম এনটিআরসিএর প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এমসিকিউ পরীক্ষায় সারা দেশে মোট ৪৮ হাজার ৯৪৬ জন প্রার্থী অংশগ্রহণ করেন। পরবর্তীতে ২২ এপ্রিল প্রকাশিত ফলাফলে ১৪ হাজার ৯৪২ জন প্রার্থী উত্তীর্ণ হন।
তবে ফলাফল প্রকাশের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা কিংবা চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্নের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এতে উত্তীর্ণ হাজারো প্রার্থী চরম অনিশ্চয়তা ও হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন।
ভাইভা প্রত্যাশী শিক্ষকদের দাবি, স্বচ্ছ ও ত্রুটিমুক্তভাবে সম্পন্ন হওয়া নিয়োগ প্রক্রিয়ার ধারাবাহিকতা বজায় রাখতে দ্রুত মৌখিক পরীক্ষা গ্রহণের উদ্যোগ নেওয়া জরুরি। তাই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীর মৌখিক পরীক্ষা দ্রুত আয়োজন এবং নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।
নিয়াম শেখ গাইবান্ধা প্রতিনিধি 















