নলেয়া নদীতে নিখোঁজের একদিন পর ইউনুস আলীর মরদেহ উদ্ধার
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের তরফজাহান গ্রামের বাসিন্দা ইউনুস আলী (৪৫)-এর মরদেহ নিখোঁজের একদিন পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
আজ (৭ আগস্ট) ইদিলপুর ইউনিয়নের রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মরাঘাটি এলাকায় নলেয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, গতকাল (৬ আগস্ট) দুপুরে ইউনুস আলী জাল নিয়ে নলেয়া নদীতে মাছ ধরতে যান। এরপর রাত পর্যন্ত তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। স্বজন ও স্থানীয়রা নদী ও আশপাশের এলাকায় অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ অনুসন্ধানের পর আজ নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ইউনুস আলীর মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তার স্বজনদের আহাজারিতে এলাকায় এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে।
নিয়াম শেখ গাইবান্ধা প্রতিনিধি 








