গাইবান্ধায় শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষক ও গণিত শিক্ষকদের মতবিনিময়
গাইবান্ধা সদর উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে প্রধান শিক্ষক ও গণিত বিষয়ের শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) শহরের গাইবান্ধা নুরুল হক মডার্ণ উচ্চ বিদ্যালয়ের হলরুমে সদর উপজেলা মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক পরিষদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
নুরুল হক মডার্ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রবিউল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. আতাউর রহমান। সভা সঞ্চালনা করেন প্রধান শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম।
সভায় বক্তব্য দেন কামারজানি মার্চেন্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুকুল ইসলাম, লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের মো. হারুনুর রশিদ, গিদারী উচ্চ বিদ্যালয়ের আবু বক্কর সিদ্দিক, ঝিনেশ্বর উচ্চ বিদ্যালয়ের মো. মোতালেব হোসেন এবং রামচন্দ্রপুর বালিকা বিদ্যালয়ের মো. শের আলম।
এ সময় খোলাহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. আছমা হক্কানি, মো. ফারুক ইসলাম, মো. ওয়াসিউল হাবিব, মোছা. আফিয়া আক্তার রুপক ও মো. একরামুল হক (তুলন)সহ সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গণিত বিষয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় জেলা শিক্ষা অফিসার মো. আতাউর রহমান গণিত বিষয়ে শিক্ষার্থীদের ফলাফল উন্নয়নে শিক্ষকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। আগামীতে নিজ নিজ বিদ্যালয়ে গণিত বিষয়ে শতভাগ পাস নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষকদের আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
সভায় গণিত বিষয়ের শিক্ষকরা বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর প্রতি আরও গুরুত্ব দিয়ে পাঠদান এবং শিক্ষার মানোন্নয়নের মাধ্যমে শতভাগ পাসের লক্ষ্যে কাজ করার আশ্বাস দেন।
নিজস্ব প্রতিবেদক 















