গোবিন্দগঞ্জে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ আটক ২ মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ দুই যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলামের নির্দেশনায় উপ-পরিদর্শক আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—গোবিন্দগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চক-গোবিন্দ এলাকার মৃত বদিউজ্জামানের ছেলে আরিফ হোসেন (২৬) এবং উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বোগদহ কলোনী এলাকার মৃত মনিরুজ্জামানের ছেলে তারিকুল ইসলাম সজীব (৩০)।
আটকের পর তাদের গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তামশিদ ইরাম খানের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। শুনানি শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মাদকের বিস্তার রোধে গোবিন্দগঞ্জসহ জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
গাইবান্ধা প্রতিনিধি 

















