গাইবান্ধায় ডিবির অভিযানে ৯৮ পিচ ইয়াবা মাদক ব্যবসায়ী আকরাম সহ ২ জন আটক।
গাইবান্ধা সদর উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৯৮ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। একই অভিযানে কথিত ইয়াবা সেবনের সময় আরও একজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার, গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে গাইবান্ধা সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে গাইবান্ধা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পুরাতন বাজার শাহাপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে মোঃ আকরাম হোসেন (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পরিহিত আকাশি রঙের থ্রি-কোয়ার্টার প্যান্টের সামনের ডান পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ৯৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা ইয়াবা জব্দ করা হয়েছে।
এ ঘটনায় আকরাম হোসেনের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলাটি ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে রুজু করা হয়।
অপরদিকে, একই রাতে শাপলা মিল মধ্য ধানগড়া এলাকার মানিক চন্দ্র দাসকে তার বসতবাড়ির পশ্চিম দুয়ারী শয়নকক্ষ থেকে কথিত ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় নন-এফআইআর প্রসিকিউশন নং ১৭৬/২৬ দায়ের করে ১৫ সেপ্টেম্বর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। এদিকে, এসব ঘটনায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
গাইবান্ধা প্রতিনিধি 















