Category: জাতীয়

  • জুলাই বিপ্লবে আহতদের মধ্যে প্রথমে ১০০ জনকে পুলিশে চাকরি দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

    জুলাই বিপ্লবে আহতদের মধ্যে প্রথমে ১০০ জনকে পুলিশে চাকরি দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

    জুলাই বিপ্লবে আহতদের মধ্যে প্রথমে ১০০ জনকে পুলিশের বিভিন্ন ইউনিটে কাজ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। পর্যায়ক্রমে এই প্রক্রিয়া আরও বাড়ানো হবে বলেও জানান তিনি।মঙ্গলবার (৭ জানুয়ারি) পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ও সিআইডি কার্যালয় পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব তথ্য জানান।

    তিনি জানান, এক হাজার ছাত্রদের ট্রাফিক ডিউটিতে নেওয়ার জন্য প্রোপোজাল লেটার দেওয়া হয়েছে। যারা ৩ থেকে ৪ ঘণ্টা ডিউটি করবে।

    বিগত সরকারের বড় সমস্যা ছিল মানিলন্ডারিং উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ব্যাংক থেকে কতো টাকা খোয়া গেছে। সব রিপোর্ট সিআইডিকে দ্রুত দিতে হবে।তিনি বলেন, ৫ আগস্টের পর থেকে অনেকেই দেশ ত্যাগ করার সুযোগ পেয়েছেন, যার বড় কারণ ছিল সেসময় সরকার ছিল না। তবে সরকার গঠনের পর যারা দেশ ত্যাগ করেছেন তাদের বিষয়ে অধিক তদন্ত গ্রহণ করা হচ্ছে।

  • ডিআইজিসহ পুলিশের ৫ কর্মকর্তাকে বদলি

    ডিআইজিসহ পুলিশের ৫ কর্মকর্তাকে বদলি

    একজন ডিআইজিসহ ৫ পুলিশ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দিয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (৭ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

    বদলি কর্মকর্তাদের মধ্যে পুলিশের বিশেষ শাখার ডিআইজি মো. সরওয়ারকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মো. আতিকুর রহমানকে ডিএমপির যুগ্ম কমিশনার, রাজশাহীর সারদার অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ এনামুল হককে ডিএমপির যুগ্ম কমিশনার, এসবির পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানকে হবিগঞ্জের পুলিশ সুপার এবং ঢাকা রেঞ্জের পুলিশ সুপার (হবিগঞ্জের পুলিশ সুপার হিসেবে পদায়ন) আসলাম শাহাজাদার আদেশ বাতিল করে একই দপ্তরে পদায়ন করা হয়েছে।

    জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

  • তিন জেলা জজকে বদলি

    তিন জেলা জজকে বদলি

    বিচার বিভাগের তিন কর্মকর্তাকে (জেলা জজ) বদলির আদেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩-এর উপসচিব (প্রশাসন-১) মো. আজিজুল হক স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের তিন সদস্যকে বর্তমান কর্মস্থল হতে বদলি করা হয়েছে।বাংলাদেশ বার কাউন্সিলের সচিব (জেলা জজ) মো. আবদুর রহমান সরদারকে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সংযুক্ত কর্মকর্তা, কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক (জেলা জজ) মোহাম্মদ কামাল হোসেন শিকদারকে বাংলাদেশ বার কাউন্সিলের সচিব এবং গাজীপুরের জেলা ও দায়রা জজ শামীমা আফরোজকে আইন ও বিচার বিভাগের সংযুক্ত কর্মকর্তা হিসেবে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বদলি করা হলো।

  • শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত

    শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত

    ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে দেশটি। গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে গত ২৩ ডিসেম্বর নয়াদিল্লির কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে ঢাকা। এরই মধ্যে তার ভিসার মেয়াদ বাড়ানোর খবর পাওয়া গেল।দিল্লিভিত্তিক হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করেন এবং তখন থেকেই তিনি ভারতে অবস্থান করছেন। সম্প্রতি তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে।

    তবে ভারত ঠিক কবে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে, তা এই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

    ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্থানীয় ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর এই প্রক্রিয়ায় যুক্ত ছিল। তবে তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া নিয়ে যে গুঞ্জন রয়েছে, সেই কথাও অস্বীকার করা হয়েছে। হিন্দুস্তান টাইমস জানায়, ভারতে শরণার্থী এবং আশ্রয় দেওয়ার ব্যাপারে কোনো সুনির্দিষ্ট আইন নেই।

    এদিকে, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে গুম এবং অন্যান্য অপরাধের অভিযোগে ৬ জানুয়ারি দ্বিতীয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। শেখ হাসিনা ও তার সহযোগী ১২ জনকে আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে হাজির করতে বলেছেন ট্রাইব্যুনাল।

    বিডিআর (বর্তমান বিজিবি) হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান বলেছেন, ২০০৯ সালে পিলখানায় ৭৪ জনের হত্যাযজ্ঞের তদন্তের অংশ হিসেবে তারা শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করতে ভারতে যেতে চান।

    হিন্দুস্তান টাইমস আরও জানিয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এমন উদ্যোগকে শেখ হাসিনার প্রত্যর্পণে নয়াদিল্লির ওপর চাপ বৃদ্ধির প্রয়াস হিসেবে দেখা হচ্ছে।

  • শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল

    শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল

    জুলাই গণহত্যার সঙ্গে জড়িত থাকায় সরকার শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা জানান। এছাড়া গুম-হত্যার সঙ্গে জড়িত থাকায় আরও ২২ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে বলেও জানান তিনি।

    সাংবাদিকদের প্রশ্নের জবাবে আজাদ মজুমদার জানান, ভারত সরকার এই বিষয়ে জানে এবং সে জন্য ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করা হয়েছে। পাসপোর্ট অধিদপ্তর থেকে আমাদের কাছে ৭৫ জনের পাসপোর্ট বাতিলের কথা জানানো হয়েছে। তবে এর বিস্তারিত বা কাদের কাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে সেই তথ্য আমাদের কাছে নেই।

    তিনি আরও বলেন, আইনগতভাবে একাধিক পাসপোর্ট থাকার বিধান নেই। পাসপোর্ট বাতিল হলে কূটনৈতিক পাসপোর্টই বাতিল হয়েছে।

  • ২০২৪ সালে পদ্মাসেতু থেকে ৮৩৮.৫৬ কোটি টাকা টোল আদায়

    ২০২৪ সালে পদ্মাসেতু থেকে ৮৩৮.৫৬ কোটি টাকা টোল আদায়

    বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ) ২০২৪ সালে পদ্মাসেতু থেকে সর্বোচ্চ ৮৩৮.৫৬ কোটি টাকা আয় করেছে। পদ্মা বহুমুখী সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয় জানান, ৬৭ লাখ ৩৬ হাজার ৪৭৮টি যানবাহন থেকে এই টোল আদায় করা হয়েছে।তিনি বলেন, ২০২২ সালের ২৫ জুন যান চলাচলের জন্য ৬.১৫ কিলোমিটার দীর্ঘ সেতুটি খোলার পর থেকে বিবিএ ১ কোটি ৫৮ লাখ ৮ হাজার ৯৬৮টি যানবাহন থেকে মোট ২ হাজার ৬১ কোটি ৯৭ লাখ টাকা আয় করেছে।

  • ৯ জানুয়ারি থেকে ফের শৈত্যপ্রবাহের শঙ্কা

    ৯ জানুয়ারি থেকে ফের শৈত্যপ্রবাহের শঙ্কা

    চলতি সপ্তাহের শেষে দেশের ওপর দিয়ে আরেকটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিসের কর্মকর্তারা জানান, শৈত্যপ্রবাহ শুরুর আগে কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হতে পারে।আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, প্রথমে উত্তর, উত্তর-পূর্ব অঞ্চলে শীতের দাপট শুরু হবে। এরপর ক্রমান্বয়ে দক্ষিণ-পূর্ব অঞ্চলে এবং পরে দক্ষিণ-পূর্ব অংশ এবং ঢাকা ও এর পার্শ্ববর্তী জেলাগুলোতে তীব্র শীত অনুভূত হতে পারে।

    তিনি বলেন, আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হতে পারে এই শৈত্যপ্রবাহ, স্থায়ী হতে পারে তিন-চার দিন। এ সময় দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে যাবে।

    আবহাওয়া অধিদপ্তরের মতে, আগামী কয়েক দিন আকাশ পরিষ্কার থাকায় তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে, নদীর তীরবর্তী এলাকাগুলোতে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা থাকবে। আর এই মাসের মাঝামাঝি সময়ে দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিম অঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে।

  • প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন কাবার সাবেক ইমাম ড. বুখারি

    প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন কাবার সাবেক ইমাম ড. বুখারি

    প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন পবিত্র কাবা শরিফের সাবেক ইমাম ও সিনিয়র মুহাদ্দিস, মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের ডিন, সৌদি আরবের সর্বোচ্চ ওলামা বোর্ডের ফকিহ ড. শায়েখ হাসান বিন আবদুল হামিদ বুখারি।

    বৃহস্পতিবার তিনি ঢাকায় পৌঁছাবেন। ফেনী রঘুনাথপুর দারুল উলুম মুহিউস সুন্নাহ মাদরাসার মুহতামিম ও যুক্তরাজ্যের বার্মিংহাম বেলাল একাডেমি মসজিদের খতিব মাওলানা সালাহউদ্দিন জাহাঙ্গীর যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, সফরের প্রথম দিন ১৭ জানুয়ারি ফেনীর রঘুনাথপুর দারুল উলুম মুহিউস সুন্নাহ মাদরাসার দশম আন্তর্জাতিক সম্মেলনে জুমার নামাজের ইমামতি করবেন। জুমার নামাজের পর, তিনি হেলিকপ্টারযোগে ঢাকায় ফিরে আসবেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করে জাতীয় মসজিদে মাগরিবের নামাজের ইমামতি করবেন।

    জানা যায়, আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের আমন্ত্রণে, মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানির আহ্বানে তিনি ৩ দিনের সফরে বাংলাদেশে আসছেন। ১৭ জানুয়ারি (শুক্রবার) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব চত্বরে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ, সৌদি আরব, মিশর, ইরান, সংযুক্ত আরব আমিরাত, ইংল্যান্ড, ভারত ও পাকিস্তানের প্রখ্যাত ইসলামিক স্কলার, বিশ্ববরেণ্য কারিগণ অংশগ্রহণ করবেন। এছাড়াও, সরকারের উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এ অনুষ্ঠানে।

    ড. শায়েখ হাসান বিন আবদুল হামিদ বুখারি একজন প্রখ্যাত ইসলামিক স্কলার, যিনি কাবা শরিফের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের ডিন ও সৌদি আরবের সর্বোচ্চ ওলামা বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি হাদিস ও ইসলামিক ফিকহের উপর গভীর জ্ঞান রাখেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে তার বক্তৃতা ও লেখালেখির জন্য সুপরিচিত।

    কর্মজীবনে তিনি শুরুতে ২০০০ সাল থেকে ২০০৩ পর্যন্ত মসজিদ আল হারামাইন শরিফ এর অভ্যন্তরীণ একাডেমি শিক্ষক ছিলেন। ২০০৪ সাল পর্যন্ত তিনি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় আরবি ভাষা ইনস্টিটিউট এর প্রভাষক ছিলেন। এরপর তিনি ২০০৮ সাল, ২০১৫ সালে দুই বার উক্ত বিশ্ববিদ্যালয় সরকারি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।তিনি মক্কা নগরী তাহফিজুল কোরআন হালকা শিক্ষক ও তত্ত্বাবধায়ক এর দায়িত্ব পালন করছেন। ইমাম শায়েখ হাসান বুখারির হারামাইন পরিচালনা পরিষদে খণ্ডকালীন পরামর্শয়ক হিসাবে দায়িত্ব পালন করে থাকেন। উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় শিক্ষক অনুষদে সদস্য ড. হাসান বুখারি কে ২০১৫ সালে বর্তমান বাদশা সালমান বিন আব্দুল আজিজ পবিত্র মক্কা হারামাইন শরিফ এর অতিথি ইমাম হিসেবে নামাজ পড়ানো সুযোগ করে দেন।

  • স্টেশনের মনিটরে অশ্লীল দৃশ্য : জড়িতদের শনাক্তে আদালতের নির্দেশ

    স্টেশনের মনিটরে অশ্লীল দৃশ্য : জড়িতদের শনাক্তে আদালতের নির্দেশ

    রাজধানীর কমলাপুর রেলস্টেশনের মনিটরে অশ্লীল ভিডিও প্রদর্শনের সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে নির্দেশ দিয়েছেন আদালত।

    রোববার (৫ জানুয়ারি) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগ স্বতঃপ্রণোদিত হয়ে এই আদেশ দেন।

    ওই আদালতের স্টেনোগ্রাফার জালিজ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন ফৌজদারি কার্যবিধির ১৯০ (১)সি ধারায় স্বতঃপ্রণোদিতভাবে আমলে নিয়ে আদালত একটি মিস মামলা রেকর্ড করেন। একইসঙ্গে প্রকাশিত ও প্রচারিত সংবাদের সরেজমিনে অনুসন্ধান করে আদেশ প্রাপ্তির ৩০ (ত্রিশ) দিনের মধ্যে জড়িত ব্যক্তিদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানাসহ প্রতিবেদন দাখিলের জন্য বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও), বাংলাদেশ রেলওয়ে, ঢাকাকে নির্দেশ দেন। অনুসন্ধানকারী কর্মকর্তাকে সার্বিক সহায়তা দেওয়ার জন্য অফিসার ইনচার্জ, ঢাকা রেলওয়ে থানা, ঢাকা রেলওয়ে জেলাসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

    আদালতের আদেশে বলা হয়েছে, উক্ত কার্যটি ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ৮(৩)(৪)ও(৫) ধারা এবং ১৮৬০ সালের দণ্ডবিধি আইনের ২৯২ ও ২৯৩ ধারায় শাস্তিযোগ্য অপরাধ।এ ঘটনার বিষয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদে বলা হয়, গত ২৭ ডিসেম্বর (শুক্রবার) গভীর রাতে অশ্লীল ভিডিও প্রচার শুরু হলে উপস্থিত যাত্রীরা সেটি ভেঙে দেন। এই ডিজিটাল মনিটরে কোন ট্রেন কখন ছাড়বে, কখন পৌঁছাবে এ সংক্রান্ত তথ্য প্রদর্শন করা হয়। শুক্রবার দিবাগত রাত ২টা ৫ মিনিটের দিকে হঠাৎ ডিজিটাল মনিটরে অশ্লীল ভিডিও চলতে শুরু করে। প্রায় ২০ মিনিটের বেশি সময় ধরে চলেছে। এ সময় যাত্রীরা বিব্রত ও ক্ষুব্ধ হন। উপস্থিত লোকজন এটি বন্ধ করার চেষ্টা করেও ব্যর্থ হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একপর্যায়ে এক যাত্রী পাথর ছুড়ে ডিজিটাল মনিটর ভেঙে ফেলেন।

    এ বিষয়ে ঢাকা বিভাগীয় রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফ সাংবাদিকদের বলেন, ঘটনার কারণ উদঘাটনে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবেন তারা।

  • হাসপাতালে প্রবীর মিত্র, অবস্থা সংকটাপন্ন

    হাসপাতালে প্রবীর মিত্র, অবস্থা সংকটাপন্ন

    গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি গুণী অভিনেতা প্রবীর মিত্র। শরীরে অক্সিজেন স্বল্পতাসহ বেশ কিছু অসুস্থতায় গত ২২ ডিসেম্বর তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়।  অভিনেতার বর্তমান অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন প্রবীর মিত্রের ছেলে মিথুন মিত্র।

    শনিবার (৪ জানুয়ারি) দুপুরে ছেলে মিথুন মিত্র গণমাধ্যমকে বলেন, ‘বাবার শরীরটা ভালো যাচ্ছে না। বয়সের সঙ্গে কিছু শারীরিক জটিলতায় গত ২২ ডিসেম্বর বাবাকে হাসপাতালে ভর্তি করি। শরীরে অক্সিজেন পাচ্ছিল না। এরপর আইসিইউতে নেওয়া হয়। সেখান থেকে কেবিনে দেওয়া হয়েছিল। এখন আবার এইচডিইউতে রাখা হয়েছে। তেমন কোনো অগ্রগতি নেই। খারাপ অবস্থার দিকে। ব্লাড লস হচ্ছে, প্লাটিলেটও কমে যাচ্ছে।’

    Prabir Mitra.1

    ১৯৪৩ সালের ১৮ আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন প্রবীর মিত্র। তার পুরো নাম প্রবীর কুমার মিত্র। পুরান ঢাকায় বড় হওয়া প্রবীর মিত্র স্কুলজীবন থেকেই নাট্যচর্চার সঙ্গে যুক্ত হন। স্কুলজীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’ নাটকে অভিনয় করেছিলেন তিনি।

    ১৯৬৯ সালে প্রয়াত এইচ আকবরের ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথম প্রবীর মিত্র ক্যামেরার সামনে দাঁড়ান। যদিও চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৭১ সালের ১ জানুয়ারি। ক্যারিয়ারের প্রথম দিকে নায়ক চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা। ‘তিতাস একটি নদীর নাম’, ‘চাবুক’-এর মতো সিনেমায় তিনি ছিলেন নায়ক। এ ছাড়া ‘রঙিন নবাব সিরাজউদ্দৌলা’ সিনেমাতেও তিনি ছিলেন মূখ্য চরিত্রে। এরপর ধীরে ধীরে প্রবীর মিত্র মনোযোগী হন চরিত্রভিত্তিক অভিনয়ে।

    Prabir Mitra.2

    ‘তিতাস একটি নদীর নাম’, ‘জীবন তৃষ্ণা’, ‘সেয়ানা’, ‘জালিয়াত’, ‘ফরিয়াদ’, ‘রক্ত শপথ’, ‘চরিত্রহীন’, ‘জয় পরাজয়’, ‘অঙ্গার’, ‘মিন্টু আমার নাম’, ‘ফকির মজনু শাহ’, ‘মধুমিতা’, ‘অশান্ত ঢেউ’, ‘অলংকার’, ‘অনুরাগ’, ‘প্রতিজ্ঞা’, ‘তরুলতা’, ‘গাঁয়ের ছেলে’, ‘পুত্রবধূ’সহ চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

    নান্দনিক অভিনয়ের জন্য বরাবরই প্রশংসিত প্রবীর মিত্র। কিন্তু দীর্ঘ ক্যারিয়ারে তার পুরস্কার ভাগ্য প্রসন্ন নয়। কেবল ‘বড় ভালো লোক ছিল’ সিনেমার জন্য শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। পরবর্তীতে ২০১৮ সালে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা দেওয়া হয়। শারীরিক অসুস্থতার জন্য বেশ কয়েক বছর ধরে অভিনয়ে অনিয়মিত তিনি। এসময় ঘর বন্দিই কাটছিল তার দিন-রাত।