Category: জাতীয়

  • থার্টি ফার্স্ট নাইটে ফানুস-পটকা উৎসবে ২ শিশু দগ্ধ

    থার্টি ফার্স্ট নাইটে ফানুস-পটকা উৎসবে ২ শিশু দগ্ধ

    রাজধানীতে থার্টি ফার্স্ট নাইটে ইংরেজি নববর্ষ উদযাপনের অংশ হিসেবে ফানুস ও আতশবাজি পোড়ানোর ঘটনায় দুই শিশু দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. শাওন বিন রহমান।

    বুধবার (১ জানুয়ারি) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে জানা যায়, ইংরেজি নতুন বছর বরণে পটকা ফোটানোর কারণে দুই শিশু দগ্ধ হয়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে একজনের নাম ফারহান (৮)। তার শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আরেক শিশুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে তাদের বিস্তারিত ঘটনা জানা যায়নি।

    আহত শিশুদের পরিবারের বরাত দিয়ে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. শাওন বিন রহমান বলেন, নতুন বছর বরণ করতে রাস্তাঘাটে পটকা ফোটানোর কারণে তারা দগ্ধ হয়েছে।এর আগে ডিএমপির নির্দেশনা অনুযায়ী, ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত উন্মুক্ত স্থানে যেকোনো অনুষ্ঠান, সভা-সমাবেশ, গণজমায়েত নিষিদ্ধ ছিল। পাশাপাশি, সব বার বন্ধ রাখা এবং হোটেলগুলোর সীমিত পরিসরে অনুষ্ঠান আয়োজনের শর্ত জারি করা হয়। তবে বাস্তবে ৩১ ডিসেম্বর রাত ১২টার পরপরই চারদিক কাঁপিয়ে আতশবাজি ও পটকা ফোটাতে থাকে। এর পাশাপাশি ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সাউন্ড বক্সের মাধ্যমে উচ্চ স্বরে গান বাজানো চলমান থাকে বলে জানিয়েছেন বেশ কয়েকজন রাজধানীবাসী।

  • নববর্ষ উপলক্ষে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

    নববর্ষ উপলক্ষে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

    খ্রিষ্টীয় নতুন বছর-২০২৫ উপলক্ষে দেশবাসী ও প্রবাসী বাঙালিসহ বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

    আগামীকাল খ্রিষ্টীয় নতুন বছর উপলক্ষে মঙ্গলবার দেওয়া এক বাণীতে তিনি বলেন, নতুনের আগমনী বার্তা আমাদের উদ্বেলিত করে, নব উদ্যমে সুন্দর আগামীর পথচলার জন্য অনুপ্রেরণা যোগায়। নতুন বছরের এই মাহেন্দ্রক্ষণে সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে নতুন সম্ভাবনাকে কাজে লাগিয়ে উন্নতির নতুন শিখরে আরোহণে অঙ্গীকারবদ্ধ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার।

    প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার লাখো শহিদের রক্ত ও গত জুলাই-আগস্ট মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে অর্জিত স্বাধীনতাকে সর্বদা সমুন্নত রাখার অঙ্গীকার করছে। আমরা দেশকে ভালোবাসবো, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করবো এবং যেকোনো সন্ত্রাসবাদকে প্রতিহত করবো।

    নতুন বছরে মানুষে-মানুষে সম্প্রীতি, সৌহার্দ ও ভ্রাতৃত্বের বন্ধন আরও জোরদার হোক এই কামনা করে তিনি বলেন, খ্রিষ্টীয় নতুন বছর ২০২৫ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।
  • নতুন টেলিভিশন চ্যানেল ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

    নতুন টেলিভিশন চ্যানেল ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

    দেশে নতুন সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল ‘বিটিভি নিউজ’ যাত্রা শুরু করেছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে এ চ্যানেলটির সম্প্রচার শুরু হবে।

    বিকেলে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়।

    বিটিভি নিউজ-এর লোগোসহ প্রকাশিত ঐ পোস্টে জানানো হয়, নতুন প্রত্যয়ে সংবাদভিত্তিক পূর্ণাঙ্গ টেলিভিশন চ্যানেল হিসেবে আজ সন্ধ্যা ৭টা থেকে যাত্রা শুরু করবে ‌‌‘বিটিভি নিউজ’।বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) দেশের প্রথম টেলিভিশন চ্যানেল, যার যাত্রা শুরু হয় ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর একটি পাইলট প্রকল্প হিসেবে। পরবর্তীতে ১৯৬৭ সালে এটি পাকিস্তান টেলিভিশন কর্পোরেশনের অধীনে আসে এবং ১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশে (পি.ও নং-১১৫) বাংলাদেশ টেলিভিশন হিসেবে প্রতিষ্ঠিত হয়।বর্তমানে বিটিভি দেশের ৯৫ শতাংশ মানুষ টেরিস্ট্রিয়াল সম্প্রচারের মাধ্যমে দেখতে পারে। বিটিভি এখন সংবাদসহ নানা ধরনের অনুষ্ঠান প্রচার করে আসছে, তবে বিটিভি নিউজ শুধু সংবাদ প্রচারের জন্য বিশেষায়িত চ্যানেল হিসেবে কাজ করবে।

  • সংবিধান বাতিল করলে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে অস্বীকার করা হবে: রিজভী

    সংবিধান বাতিল করলে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে অস্বীকার করা হবে: রিজভী

    বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংবিধান বাতিল করলে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে অস্বীকার করা হবে। এটির সংশোধন বা সংযোজন করা যেতে পারে। দেশের সংবিধান বাতিল করা হলে ৭১-এর স্বাধীনতাযুদ্ধকে অস্বীকার করা হবে।

    সোমবার (৩০ ডিসেম্বর) বিকালে নীলফামারী সদরের রামগঞ্জের দুবাছুরি দ্বিমুখী দাখিল মাদ্রাসা মাঠে জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী এ কথা বলেন। ওই জনসভায় প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২০১৪ সালের ১৮ জানুয়ারি নীলফামারী সদর উপজেলায় র‌্যাবের ক্রসফায়ারে নিহত বিএনপির নেতা গোলাম রব্বানীর পরিবারকে নতুন বাড়ি হস্তান্তর উপলক্ষে ‘আমরা বিএনপি পরিবার’-এর আয়োজনে এ জনসভার আয়োজন করা হয়।অনেক তরুণ শিক্ষার্থী সংবিধান বাতিল করতে বলছেন উল্লেখ করে রিজভী বলেন, একটি জাতির আত্মজীবনী হচ্ছে সংবিধান। সেটির সংযোজন হতে পারে, সংশোধন হতে পারে। সেখানে আওয়ামী লীগের ফ্যাসিজমের যে বৈশিষ্ট্য, সেটা বাদ দেওয়া যেতে পারে। কিন্তু বাতিল করা যেতে পারে না। যুক্তরাষ্ট্রে সংবিধানের ধারাবাহিকতা রয়েছে, সংশোধন রয়েছে। কিন্তু বাতিল করা হয়নি।

    জনসভায় রুহুল কবির রিজভী বলেন, ‘জুলাই-আগস্টের বিপ্লবের পর প্রত্যেকেই সমর্থন দিয়েছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস সাহেবকে। কিন্তু আমাদের বক্তব্য, জনপ্রত্যাশা, জন-আকাঙ্ক্ষার বাইরে গিয়ে অন্তর্বর্তী সরকার অন্য এজেন্ডা নিয়ে কাজ করলে দেশের মানুষ মেনে নেবেন না। এখনো চালের দাম কমেনি, চিনি, আলুর দাম কমেনি। শেখ হাসিনার কারণে গত বছর থেকে ভারত থেকে আলু আমদানি করতে হয়। এবারও যদি আলু আমদানি করতে হয়, তাহলে মানুষ বলবেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সরকারকে আমরা সমর্থন দিয়েছি, তাহলে কী লাভ হলো? বাজারে ব্রয়লার মুরগির দাম কেন বাড়ছে?’

    সংখ্যানুপাতিক নির্বাচনব্যবস্থার প্রস্তাবের বিরোধিতা করে বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন, ‘কেউ কেউ বলছেন, আনুপাতিক হারে নির্বাচন। কেন? আনুপাতিক নির্বাচন কিসের জন্য? এটা কি তৃণমূলের মানুষ বোঝে? যেসব রাজনৈতিক দলের ভোটের সংখ্যা বেশি নয়, তারা আনুপাতিক নির্বাচনব্যবস্থার কথা বলছে। যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, যাদের ভোটের সংখ্যা বেশি নয়, তারা এটা একটা কৌশল হিসেবে নিয়েছে। এটা দেশের মানুষ মেনে নেবে না। এ ধরনের কোনো পদ্ধতি নিয়ে যদি আপনারা ষড়যন্ত্র করেন, এই ষড়যন্ত্র কিন্তু মানুষ ধ্বংস করে দেবে।’

    রুহুল কবির রিজভী আরও বলেন, ‘দেশে হত্যা, ছিনতাই, ডাকাতি, ব্যাংক ডাকাতি হচ্ছে। আইজিপি তার বক্তব্যে বলছেন, “আমাদের হাতে ম্যাজিক নেই।’ এক দিনে আইনশৃঙ্খলায় পরিবর্তন আনা সম্ভব নয়। কিন্তু দেশের মানুষ তো দেখবে আপনার দায়িত্ব ও উদ্যোগ। কেন ব্যবসায়ীদের হত্যা করা হচ্ছে, কারা করছে, কেউ প্রকৃত আসামিদের গ্রেপ্তার করতে পারছেন না। জনগণ আপনাদের ব্যর্থতা দেখতে চায় না, জনগণ ভালো ফলাফল দেখতে চায়।’

    আমরা বিএনপি পরিবার-এর আহ্বায়ক আতিকুর রহমানের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন সাবেক উপমন্ত্রী ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব (দুলু), দলের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান, বিএনপির কেন্দ্রীয় সহবিজ্ঞান–প্রযুক্তিবিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন, পল্লি উন্নয়নবিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্যসচিব ফরহাদ হোসেন, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামছুজ্জামান, নীলফামারী জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার।

  • ছাত্রশিবির ২৪ আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে, সম্মেলনে নেতারা

    ছাত্রশিবির ২৪ আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে, সম্মেলনে নেতারা

    ছাত্র শিবিরের সম্মেলনে বলা হয়েছে, বিগত জুলাই অভ্যুত্থানে সংগঠনটির অগ্রণী ভূমিকা ছিল। আগামীতেও যেকোনও আন্দোলনে নেতৃত্বের ভূমিকায় অবতীর্ণ হতে হবে।

    মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন-২০২৪-এর উদ্বোধনী সেশনে জামায়াত ও শিবিরের শীর্ষ নেতাদের বক্তব্যে এসব কথা উঠে আসে।সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘বিগত সরকারের আমলে বাংলাদেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছিল। চর দখলের মতো প্রতিষ্ঠানগুলোকে দখল করা, চাঁদাবাজি, দখলবাজি ও আধিপত্যবাদ বজায় রাখতে ক্যাম্পাসগুলোকে অস্ত্রাগারে পরিণত করে। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই ব্যবস্থার কবর রচনা করা হয়েছে। বাংলাদেশে আর কোনও চাঁদাবাজ, আধিপত্যবাদ ও দখলবাজের স্থান হবে না।’

    তিনি বলেন, ‘বিগত সাড়ে ১৫ বছরে আওয়ামী দুঃশাসন বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। কিন্তু বাংলাদেশের জনগণ, বিশেষ করে ছাত্র ও যুবসমাজ কোনও দুঃশাসন মেনে নেয় না। সেটা চব্বিশের অভ্যুত্থানে প্রমাণিত হয়েছে।’

    ছবি

    ‘স্বাধীনতার সাফল্যকে হাইজ্যাক করে একটা রাজনৈতিক দল দেশে একদলীয় শাসন কায়েম করে রেখেছিল। কিন্তু ছাত্রসমাজ ১৫ বছরের মাথায় তাদের সেই দুঃশাসনকে পরাজিত করে নতুন বাংলাদেশের সূচনা করেছে। বাংলাদেশে আর কোনও আধিপত্যবাদ ও দুঃশাসন জনগণ মেনে নেবে না’- যোগ করেন তিনি।

    সম্মেলনের সমাপনী বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীকে পরিণত হয়েছে। বাংলাদেশের সেই মানুষের আকাঙ্ক্ষার জন্য ছাত্রশিবিরকে সব ভয় উপেক্ষা করে ভূমিকা পালন করে যেতে হবে।’

    সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন ৮ আগস্ট (৫ তারিখ গুলিবিদ্ধ) বুলেটের আঘাতে মৃত্যুবরণ করা রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক আলী রায়হানের বাবা মো. মুসলেহ উদ্দিন। এ সময় মঞ্চে ছিলেন জুলাই বিপ্লবে শহীদ আবু সাঈদ, ফয়সাল মাহমুদ শান্ত, ওয়াসিম, উসমানসহ শহীদ পরিবারের সদস্যরা, আওয়ামী লীগ আমলে অত্যাচারে আহত ও গুম হওয়া পরিবারের অনেক সদস্যরা।

    সম্মেলনে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মাদ তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। আরও উপস্থিত ছিলেন নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, মাওলানা শামসুল ইসলাম ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতিরা।

    শিবিরের সম্মেলনে যারা ছিলেন

    সদস্য সম্মেলনে বক্তব্য রাখেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ মাওলানা যায়নুল আবেদীন, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শামছুল আলম, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মাওলানা সাইয়্যেদ কামালুদ্দীন জাফরী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ড. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, গণঅধিকার পরিষদের (রেজা কিবরিয়া) ফারুক হাসান, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ-সভাপতি রাশেদ প্রধান, জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠন সারজিস আলম।

    বিদেশি অতিথিদের মধ্যে ছিলেন– আনাদোলু গেঞ্জলিক দেরনেইয়ের সহ-সভাপতি এমরুল্লাহ ডেমির, পেরসাতুয়ান কেবাংসান পেলাযার ইসলাম মালয়েশিয়ার সভাপতি জুল আইমান, হিকমত ইয়ুথ মিসরের সভাপতি ড. আবদুল্লাহ আহমেদ, ইসলামী বিশ্ব যুব ফোরামের সভাপতি ড. আশরাফ আওয়াদ, আংকাতান বেলিয়া ইসলাম মালয়েশিয়ার সভাপতি আহমদ ফাহমি মোহাম্মদ সামসুদিন।

    দেশের ছাত্র সংগঠনের মধ্যে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, জাগপা ছাত্রলীগ সভাপতি আব্দুর রহমান ফারুকী, জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের (ববি হাজ্জাজ) সভাপতি মাসুদ রানা জুয়েল উপস্থিত ছিলেন।

  • সচিবালয়ে নিরাপত্তার দায়িত্ব থেকে সেনা সদস্যদের প্রত্যাহার

    সচিবালয়ে নিরাপত্তার দায়িত্ব থেকে সেনা সদস্যদের প্রত্যাহার

    বাংলাদেশ সচিবালয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাবাহিনীর সদস্যদের প্রত্যাহার করা হয়েছে।তারা সচিবালয়ের ভেতরে এখন নিয়মিত ডিউটি করবেন না। তবে কয়েক দফায় টহল কার্যক্রম চলমান থাকবে।
    সোমবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

    সূত্র জানিয়েছে, রবিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় সেনা সদস্যদের প্রত্যাহার করে নেওয়া হয়েছে। কী কারণে তাদের প্রত্যাহার করা হয়েছে এ বিষয়ে এখনও কিছুই জানা যায়নি। এখন থেকে সেনাবাহিনীর সদস্যরা সচিবালয়ে রেগুলার ডিউটি করবেন না। সূত্র আরও জানিয়েছে, সেনাবাহিনীর সদস্যরা কখন কখন টহল দেবেন তা ঊর্ধ্বতন কর্মকর্তারা ঠিক করবেন।

  • খাবার পরিবেশনে দেরি, বিয়ে ভেঙে খালাতো বোনকে বিয়ে করলেন বর

    খাবার পরিবেশনে দেরি, বিয়ে ভেঙে খালাতো বোনকে বিয়ে করলেন বর

    ভারতের উত্তর প্রদেশের চান্দাউলিতে এক বর খাবার পরিবেশনে বিলম্বের অভিযোগে বিয়ে ভেঙে দিয়ে নিজের খালাতো বোনকে বিয়ে করেছেন। এই ঘটনায় হতবাক কনে ও তার পরিবার ন্যায়বিচারের জন্য পুলিশের শরণাপন্ন হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

    কনে দাবি করেছেন, বিয়ের অনুষ্ঠান শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে বরপক্ষকে দেড় লাখ রুপি দেওয়া হয়েছিল।কনে জানান, সাত মাস আগে মেহতাব নামের এক যুবকের সঙ্গে তার বিয়ে ঠিক হয়। ২২ ডিসেম্বর হামিদপুর গ্রামে তার বাড়িতে বিয়ের আয়োজন করা হয়। বরযাত্রী এসে পৌঁছানোর পর উষ্ণ অভ্যর্থনা জানান কনের পরিবার।

    কনে বলেন, সকালে থেকেই আমি প্রস্তুত ছিলাম। বর ও তার পরিবার এসে খাবার খেয়েছেন। এরপর তারা আমার বাবা-মাকে গালমন্দ করেন এবং স্থান ত্যাগ করেন। আমি পরে পুলিশের কাছে বিচার চাই।তিনি আরও বলেন, খাবার পরিবেশনে সামান্য বিলম্ব হওয়ায় মেহতাব বিরক্ত হন। তার বন্ধুরা তাকে নিয়ে উপহাস করায় বরপক্ষ কনের পরিবারের সঙ্গে দুর্ব্যবহার শুরু করে। এরপর দু’পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়।

    গ্রামের প্রবীণরা সমাধানের চেষ্টা করলেও মেহতাব বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে বাড়ি ফিরে যান।কনের পরিবার যখন এই পরিস্থিতি নিয়ে চিন্তিত, তখন মেহতাব সেদিনই তার খালাতো বোনকে বিয়ে করেন।২৩ ডিসেম্বর কনে ও তার পরিবার ইন্ডাস্ট্রিয়াল নগরের পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানান। অভিযোগে তারা উল্লেখ করেছেন, বিয়ের আয়োজন ও বরযাত্রীদের আপ্যায়নে তাদের প্রায় ৭ লাখ রুপি ক্ষতি হয়েছে।

    কনের মা জানান, বিয়ের আগে বরপক্ষকে দেড় লাখ রুপি দেওয়া হয়েছিল।এ নিয়ে পুলিশ সুপারিনটেনডেন্ট আদিত্য লগের সঙ্গে যোগাযোগ করা হলে দুই পক্ষকে ডেকে সমঝোতার ব্যবস্থা করা হয়।সার্কেল অফিসার রাজেশ রাই জানান, দুই পক্ষের মধ্যে একটি লিখিত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এতে কনের পরিবারকে এক লাখ ৬১ হাজার রুপি দেওয়ার সিদ্ধান্ত হয়।

  • এস আলম গ্রুপের জমি নিলামে তুলেছে জনতা ব্যাংক

    এস আলম গ্রুপের জমি নিলামে তুলেছে জনতা ব্যাংক

    বকেয়া ঋণের টাকা আদায়ে আবারও এস আলমের সম্পত্তি নিলামে তুলেছে রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংক। এস আলম সুগার রিফাইন ইন্ডাস্ট্রি লিমিটেডের কাছে ব্যাংকটির পাওনা ১ হাজার ৭৭৭ কোটি টাকা। চট্টগ্রামের সাধারণ বিমা করপোরেট শাখায় এই ঋণ রয়েছে। সেই ঋণের দায়ে এই জমি নিলামের তোলার বিষয়টি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে জনতা ব্যাংক। এবার নিলামে তোলা হচ্ছে এস আলম গ্রুপের কোম্পানি এস আলম সুগার রিফাইন ইন্ডাস্ট্রি লিমিটেডের ২ হাজার ৯৭১ শতাংশ জমি।

    এর আগেও জনতা ব্যাংক খেলাপি ঋণ আদায়ে এস আলম গ্রুপের জমি নিলামে তুলেছে। ১ হাজার ৮৫০ কোটি টাকার খেলাপি ঋণ আদায়ের জন্য ২০ নভেম্বর ১ হাজার ৮৬০ শতাংশ জমি নিলামে তোলা হয়। গ্রুপটির সহযোগী প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেডিং করপোরেশন লিমিটেডের কাছে এই টাকা অনাদায়ি ছিল। জনতা ব্যাংকের চট্টগ্রামের সাধারণ বীমা ভবন করপোরেট শাখা থেকে এই ঋণ নেওয়া হয়। সে শাখাতেই নিলাম ডাকা হয়।

    জানা গেছে, জনতা ব্যাংক থেকে নেওয়া এস আলম গ্রুপের ১০ হাজার কোটি টাকার ঋণের প্রায় পুরোটাই খেলাপি হয়ে গেছে। ফলে প্রতিটি ঋণের বিপরীতে যে জমি বন্ধক দেওয়া আছে, তা একের পর এক নিলামে তুলছে জনতা ব্যাংক। ব্যাংকিং আইন অনুসারে প্রথমে জমি নিলামে তোলা হবে, তা না হলে অন্য প্রক্রিয়ায় এই অর্থ তুলে নেওয়া হবে।জনতা ব্যাংক সূত্রে জানা গেছে, এস আলম গ্রুপ ২০০৪ সাল থেকে জনতা ব্যাংকের গ্রাহক। ব্যাংকটির চট্টগ্রামের সাধারণ বীমা ভবন করপোরেট শাখার দেওয়া ঋণের ৮০ শতাংশের বেশি নিয়েছে গ্রুপটি। ১০ হাজার ১০০ কোটি টাকা ঋণের বিপরীতে ব্যাংকটিতে বন্ধক আছে ২ হাজার ৭৪৯ কোটি টাকার জমি ও স্থাপনা। অর্থাৎ এসব জমি ও স্থাপনা বিক্রি করেও টাকা তুলতে পারবে না জনতা ব্যাংক।

  • সাঘাটায় পুর্ব শত্রুতার জের ধরে নারী উদ্যোক্তার বসতবাড়ি ভাংচুর

    সাঘাটায় পুর্ব শত্রুতার জের ধরে নারী উদ্যোক্তার বসতবাড়ি ভাংচুর

    গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার পুর্ব অনন্তপুর গ্রামে পুর্ব শত্রুতার জেড় ধরে বসতবাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। এ বিষয়ে ভুক্তভোগী মোছা: হাসিনা বানু (৬০) বাদি হয়ে সাঘাটা থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের বিবরনী থেকে জানা যায়, হাসিনা বানুর মেয়ে মোছা: সুমাইয়া সম্পা এর সাথে তার জামাই আহসান হাবিব জুয়েলের ৬ মাস পুর্বে বিবাহ বিচ্ছেদ হয়। এই বিবাহ বিচ্ছেদ কে কেন্দ্র করে শত্রুতা সৃষ্টি হয়।পরে একপর্যায়ে গত শুক্রবার জুয়েল, মাহাবুব হোসেন, হাসিনা বানু জোসনা, রিয়াদ মিয়া,ও স্বপ্না বেগম দেশীয় অস্ত্র নিয়ে হাসিনা বানুর বসতবাড়িতে ঢুকে ঘরের জানালার থাই গ্লাস ভাঙ্গে এবং তার বাড়ীর সামনে নতুন বসতবাড়ির ইটের প্রাচীর ভেঙে ফেলে আনুমানিক ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি করে। ভুক্তভোগী হাসিনা বানু বাধা দিতে গেলে অস্ত্রের ভয় দেখিয়ে প্রান নাশের হুমকি দেওয়া হয়। এই বিষয়ে ভুক্তভোগী হাসিনা বানু পুলিশ ও প্রশাসনের কাছে তার জীবনের নিরাপত্তা চেয়েছেন।

  • আপত্তিকর অবস্থায় দুই কৃষি কর্মকর্তা আটক

    আপত্তিকর অবস্থায় দুই কৃষি কর্মকর্তা আটক

    বরিশালের গৌরনদী উপজেলায় দুই উপসহকারী কৃষি কর্মকর্তা অনৈতিক কর্মকাণ্ডের সময় জনতার হাতে ধরা পড়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত কর্মকর্তারা হলেন দীপঙ্কর বাড়ৈ এবং প্রিয়াংকা ভক্ত, যারা গৌরনদী উপজেলা কৃষি অফিসে কর্মরত।

     

    ঘটনাটি ঘটে ২৬ ডিসেম্বর ভোররাতে দক্ষিণ বিজয়পুর এলাকার একটি ভাড়া বাসায়। স্থানীয়দের অভিযোগ, দীপঙ্কর বাড়ৈ তার ভাড়া বাসায় সহকর্মী প্রিয়াংকা ভক্তকে ডেকে নিয়ে যান। এ সময় তাদের অনৈতিক অবস্থায় দেখে স্থানীয়রা তাদের আটক করেন। তবে কৌশলে পালিয়ে যান দীপঙ্কর, আর প্রিয়াংকা বিয়ের দাবিতে ওই বাসায় অবস্থান নেন।

     

    প্রিয়াংকা ভক্ত জানান, দীপঙ্করের সঙ্গে তার এক বছরের প্রেমের সম্পর্ক রয়েছে। তিনি আরও দাবি করেন, দীপঙ্কর তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার দৈহিক সম্পর্ক স্থাপন করেছেন। ঘটনার রাতে দীপঙ্করের স্ত্রী বাইরে থাকায়, তাকে বাসায় আমন্ত্রণ জানানো হয়। তবে স্থানীয়রা টের পেয়ে তাদের আটক করেন।

    অভিযোগ অস্বীকার করে দীপঙ্কর বাড়ৈ বলেন, তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে এবং এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাড়ির মালিক সাগর গোমেজ জানান, দীপঙ্করকে একজন নারীর সঙ্গে আটক করা হলেও তিনি পালিয়ে যান। পরে ওই নারী বিকেলের দিকে বাসা ছেড়ে চলে যান।