
গাইবান্ধায় বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাইবান্ধা সদর উপজেলার উত্তর খোলাহাটী ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী নারী লাভলী বেগম।
শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) বিকেলে সাপ্তাহিক অবিরাম পত্রিকার সম্পাদকীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন লাভলী বেগম ও তার ছেলে সিরাত হাসান লাবন।
লিখিত বক্তব্য ও থানায় দাখিলকৃত এজাহার সূত্রে জানা যায়, গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের উত্তর খোলাহাটী গ্রামের সোহেল মিয়ার স্ত্রী মোছাঃ লাভলী বেগমের সঙ্গে একই এলাকার মমতাজ হোসেনের ছেলে মুরাদ মিয়া ও তার সহযোগীদের দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল।
এরই ধারাবাহিকতায় গত ৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে মুরাদ মিয়া ও তার লোকজন লাভলী বেগমকে মারধর করে আহত করে। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে বিষয়টি মীমাংসার আলোচনা চলছিল।
কিন্তু এরই মধ্যে গত ২৮ মার্চ ২০২৬ সকাল আনুমানিক ১০টার দিকে মুরাদ মিয়ার নেতৃত্বে মাজেদ মিয়া, তিতাস মিয়া, সৌরভ মিয়া, মমতাজ হোসেনসহ অজ্ঞাতনামা ১০-১২ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রসহ লাভলী বেগমের বাড়িতে অনধিকার প্রবেশ করে। তারা গালিগালাজ শুরু করলে বাধা দিতে গেলে লাভলী বেগমকে মারধর করা হয় এবং তার পরনের কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানির অভিযোগ করা হয়।
এ সময় হামলাকারীদের একটি অংশ ঘরে ভাঙচুর চালিয়ে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি সাধন করে। পাশাপাশি ঘরের শোকেসে রাখা নগদ ৬৫ হাজার টাকা এবং প্রায় ১ লাখ ৭৫ হাজার টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
এ ঘটনায় লাভলী বেগম গাইবান্ধা সদর থানায় অভিযোগ দায়ের করলে অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়ে তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দেয় এবং ভয়ভীতি প্রদর্শন করে। এছাড়া, তাদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে মিথ্যা ঘটনা সাজিয়ে লাভলী বেগম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করা হয়েছে বলেও অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে লাভলী বেগম মিথ্যা মামলা প্রত্যাহারসহ তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক গন উপস্থিত ছিলেন।
নিয়াম শেখ গাইবান্ধা প্রতিনিধি 









