শ্যামনগর উপজেলা প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন সভাপতি মনির, সাধারণ সম্পাদক লিটন
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ শনিবার (৫ সেপ্টেম্বর) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে সভাপতি পদে তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের শ্যামনগর প্রতিনিধি ও সহকারী অধ্যাপক সামিউল ইমাম আজম (মনির)। তিনি পেয়েছেন ৩৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এস.এম. মোস্তফা কামাল পেয়েছেন ১২ ভোট।
সাধারণ সম্পাদক পদে ২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক সকালের সময়ের প্রতিনিধি জি.এম. আসাদুজ্জামান (লিটন)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনিসুর রহমান সুমন পেয়েছেন ১৮ ভোট।
প্রেসক্লাবের ১১টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক ও তিনটি কার্যকরী সদস্য পদে ভোটগ্রহণ হয়। বাকি আটটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
প্রধান নির্বাচন কমিশনার ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু সাইদ মাহমুদ। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী ও অধ্যাপক জি.এম. মাহবুব আলম।
ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হলে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যদের অভিনন্দন জানান সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীরা।
প্রতিনিধি 















