প্রয়োজনের তুলনায় কম ও নষ্ট গাড়ি শ্যামনগর থানার পুলিশি কার্যক্রমে স্থবিরতা
সাতক্ষীরার শ্যামনগর থানায় প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত যানবাহন না থাকায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, আসামি গ্রেপ্তার, ঘটনাস্থলে দ্রুত পৌঁছানোসহ পুলিশের নিয়মিত কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিশাল আয়তনের এ উপজেলার প্রত্যন্ত ও দুর্গম এলাকায় দায়িত্ব পালন করতে গিয়ে যানবাহন সংকটে বাড়তি ভোগান্তিতে পড়ছেন পুলিশ সদস্যরা।
শ্যামনগর উপজেলা আয়তনে বড় হওয়ায় এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে পুলিশের দীর্ঘ সময় ও বাড়তি পরিবহন ব্যয় হয়।বিশেষ করে সুন্দরবনসংলগ্ন ইউনিয়নগুলোতে কোনো ঘটনা ঘটলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো পুলিশের জন্য অনেক সময় কঠিন হয়ে পড়ে। জরুরি কোনো অভিযানের প্রয়োজন হলে পর্যাপ্ত যানবাহন না থাকায় বিকল্প পরিবহনের ওপর নির্ভর করতে হয়।
এতে কোনো ঘটনা ঘটার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ, অভিযোগের তদন্ত, আসামি গ্রেপ্তার কিংবা আলামত সংগ্রহের কাজে সময়ক্ষেপণ হওয়ার আশঙ্কা থাকে। পাশাপাশি রাতে জরুরি দায়িত্ব পালনেও যানবাহনের সংকট পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
সম্প্রতি দেশের বিভিন্ন থানায় পুলিশের যানবাহন সংকটের কারণে অভিযান ও আসামি গ্রেপ্তারে সমস্যার বিষয়টি উঠে এসেছে। শ্যামনগর থানার সরকারি ওয়েবসাইটেও থানার নিয়মিত পুলিশি সেবা ও জরুরি যোগাযোগের তথ্য দেওয়া রয়েছে।
স্থানীয় সচেতন মহলের দাবি, শ্যামনগরের ভৌগোলিক বাস্তবতা ও বিশাল এলাকার কথা বিবেচনা করে থানায় প্রয়োজনীয় সংখ্যক সরকারি যানবাহন সরবরাহ করা জরুরি। এতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারবে এবং সাধারণ মানুষও আরও কার্যকর পুলিশি সেবা পাবেন। তাদের মতে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের সক্ষমতা বাড়াতে শুধু জনবল নয়, প্রয়োজনীয় যানবাহন ও অন্যান্য লজিস্টিক সুবিধাও নিশ্চিত করা দরকার।
যানবাহনের সমস্যার বিষয়টি স্বীকার করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, অতি পুরাতন গাড়িটি প্রায় নষ্ট হয়ে যায়। সমস্যার বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
সেলিম আহম্মেদ শ্যামনগর উপজেলা প্রতিনিধি 









